Image description

অন্ধকারে দু-একটি গাড়িতে আগুন দিলেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দু-একটি প্রতীকী ঘটনাকে একত্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলা হলে, সেটি আমার মনে হয় যৌক্তিক নয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সংসদ অধিবেশনে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘দেশের প্রধান রপ্তানি খাত ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্পখাতে অস্থিরতা, অস্থিতিশীলতা এবং নৈরাজ্য সৃষ্টির জন্য বাইরে থেকে একটি নীলনকশা তৈরি করা হয়েছে। এর পেছনে দেশের ভেতরেও বিপুল বিনিয়োগ করা হয়েছে। তবে সরকার সফলতার সঙ্গে এই প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে।’

সালাহউদ্দিন আহমদ জানান, সারা দেশে সাতটি ককটেল বিস্ফোরণ হয়েছে। চারজনকে হাতেনাতে ধরে থানায় দেওয়া হয়েছে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতে একটি ককটেল বিস্ফোরণ হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে যায় না। অন্য কোথাও রাতে অথবা ভোররাতে কোনো পরিত্যক্ত বাস কিংবা চালক-হেলপারবিহীন একটি-দুটি গাড়িতে আগুন দিলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না।

দেশবাসীকে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, দেশে হোক, সীমান্তের বাইরে হোক বা সম্মিলিতভাবে হোক, কোনো ষড়যন্ত্রের নীলনকশা এখানে বাস্তবায়িত হবে না। আমরা সবাই এখানে অঙ্গীকারবদ্ধ যে, ফ্যাসিবাদের পতন হয়েছে গণঅভ্যুত্থানের মুখে, তাঁকে (শেখ হাসিনা) যদি কোনো সুযোগে ফেরানোর মতো পরিস্থিতি কেউ তৈরি করে থাকেন, জাতি সেটা দেখবে, আমরাও উন্মোচিত করব।

তিনি বলেন, কিছুদিন দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে বিভিন্ন ধরনের চক্রান্ত হচ্ছে, যা দৃশ্যমান। ন্যূনতম রাজনৈতিক সচেতনতা রয়েছে– এমন যে কেউ এর উদ্দেশ্য বুঝতে পারবেন। দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা ফ্যাসিবাদী দোসররা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এর পেছনে সীমান্তের ওপারে পালিয়ে আশ্রয় নেওয়া ব্যক্তিদের ইন্ধন রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে তারা কীভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে, তাদের এর আইনগত বৈধতা কী– এ ধরনের প্রশ্ন আসছে। তবে দেশের অভ্যন্তরে কারা কারা এর সঙ্গে জড়িত এবং কারা ইন্ধন দিচ্ছে, সেটিও আমি খোলাসা করে বলব।

তিনি বলেন, দেশের প্রধান রপ্তানি খাত এবং বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্পখাতে অস্থিরতা, অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির নীলনকশা সরকার সফলতার সঙ্গে নস্যাৎ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। তারা নিজেরা আহত হলেও অতিরিক্ত বলপ্রয়োগ করেনি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আন্দোলনের সময় এমন পরিস্থিতিও তৈরি করা হয়েছিল, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো দুর্ঘটনা ঘটিয়ে বসে এবং সেটিকে কেন্দ্র করে প্রতিবাদী শক্তি ও দেশের দুষ্কৃতকারীরা মিলে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ পায়। কিন্তু আমরা অত্যন্ত সচেতনভাবে তাদের সেই সুযোগ দিইনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ করেনি।