Image description

বিশ্বের অন্যতম শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। প্রতিষ্ঠানটি ঘিরে নতুন বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন অ্যালিস হুয়াং নামের এক চীনা নারী। প্রতিষ্ঠানটির সিইও জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক এবং চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। মার্কিন কর্মকর্তাদের সন্দেহ, এনভিডিয়ার গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে চীনের কাছে পৌঁছে দেওয়ার কাজে যুক্ত ছিলেন তিনি।

তবে অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ এখনো প্রমাণিত নয়। চীনও তাঁকে গুপ্তচর হিসেবে অভিযুক্তের বিষয়টি প্রত্যাখ্যান করেছে।

সিএনএনের হাতে আসা যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের ভ্রমণসংক্রান্ত নথি অনুযায়ী, অ্যালিস হুয়াংয়ের বয়স ৪৩ বছর। তাঁর প্রকৃত নাম হুয়াং লে এবং তিনি চীনের নাগরিক। চীনা গণমাধ্যম ও বিভিন্ন সূত্র থেকে জানা যায়, কর্মজীবনের শুরুতে তিনি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সাংবাদিক হিসেবে কাজ করতেন। পরে অর্থ ও বিনিয়োগ খাতে যোগ দেন।

চীনের একটি বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে তাঁর চার বছরের সাংবাদিকতা এবং আট বছরের আর্থিক খাতে কাজের অভিজ্ঞতার কথা উল্লেখ রয়েছে। তিনি এইচএসবিসি ও সিটিক সিকিউরিটিজের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন বলেও জানা গেছে।

সিঙ্গাপুরের করপোরেট নথি অনুযায়ী, ২০২৩ সালের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত তিনি মেগাস্পিড ইন্টারন্যাশনালের পরিচালক ছিলেন। ক্লাউড কম্পিউটিং ও ডেটা সেন্টার সেবাদাতা প্রতিষ্ঠানটি পরবর্তীতে এশিয়ায় এনভিডিয়ার অন্যতম বড় চিপ ক্রেতায় পরিণত হয়। বিশ্লেষকদের ধারণা, প্রতিষ্ঠানটি এনভিডিয়ার চার বিলিয়ন ডলারের বেশি মূল্যের চিপ কিনেছে।

২০২৪ সালের ৭ জুন তাইওয়ানে জেনসেন হুয়াংকে এক নারীর সাথে দেখা যাচ্ছে, যাকে রয়টার্সের একটি সূত্র অ্যালিস হুয়াং বলে নিশ্চিত করেছে। ছবি: রয়টার্স
২০২৪ সালের ৭ জুন তাইওয়ানে জেনসেন হুয়াংকে এক নারীর সাথে দেখা যাচ্ছে, যাকে রয়টার্সের একটি সূত্র অ্যালিস হুয়াং বলে নিশ্চিত করেছে। ছবি: রয়টার্স

মেগাস্পিডের বিরুদ্ধে চীনা কোম্পানিগুলোকে অনুমোদন ছাড়া মার্কিন চিপ ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগে তদন্ত চলছে। তবে প্রতিষ্ঠানটি কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করে নিজেদের আইন মেনে চলা কোম্পানি বলে দাবি করেছে।

জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক

অ্যালিস হুয়াং ও এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের পরিচয় কীভাবে হয়েছিল, তা এখনো পরিষ্কার নয়। তবে বিভিন্ন ব্যবসায়িক ও ব্যক্তিগত অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গেছে।

২০২৪ সালের সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ার একটি বিলাসবহুল গলফ রিসোর্টে তাঁদের একসঙ্গে ছবি প্রকাশিত হয়। যুক্তরাষ্ট্রের ভ্রমণসংক্রান্ত নথি অনুযায়ী, ২০১৭ সাল থেকে অ্যালিস হুয়াং ১০ বার দেশটি সফর করেছেন।

 

২০২৫ সালের মার্চে এনভিডিয়ার বার্ষিক সম্মেলনে অংশ নিতে গিয়ে তিনি প্রতিষ্ঠানটির ক্যালিফোর্নিয়ার সদর দপ্তরও পরিদর্শন করেন। একই বছরের মে মাসে তাইপেতে একটি প্রযুক্তি সম্মেলনের সময় জেনসেন হুয়াংয়ের সঙ্গে নৈশভোজে অংশ নেন তিনি। পরে দুজনকে একই গাড়িতে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে দেখা যায়।

এনভিডিয়া আগে তাঁদের সম্পর্ককে স্বাভাবিক ব্যবসায়িক যোগাযোগ হিসেবে উল্লেখ করেছিল। প্রতিষ্ঠানটির ভাষ্য, একজন সিইও হিসেবে জেনসেন প্রতিবছর হাজার হাজার গ্রাহক প্রতিষ্ঠানের কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন।

তবে জেনসেন হুয়াং কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না তা নিয়ে প্রতিষ্ঠানটি তদন্ত শুরু করেছে। একই সময়ে কর্মীদের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে জেনসেন নিজের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন। তবে ওই নারীর পরিচয় প্রকাশ করেননি।

গোপন তথ্য চুরির প্রমাণ মেলেনি

প্রায় ৪ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের এনভিডিয়া জানিয়েছে, তাদের কোনো রাষ্ট্রীয় বা করপোরেট গোপন তথ্য চুরি হয়েছে বলে বিশ্বাস করার কারণ নেই।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক বছর আগে এফবিআই মার্কিন আইনপ্রণেতাদের কাছে অ্যালিস হুয়াংয়ের মাধ্যমে চীনের কাছে তথ্য যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিল।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো অন্তত এক বছর ধরে তাঁর ওপর নজরদারি চালিয়েছে। বিষয়টি গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও জানানো হয়েছিল।

তাইপেতে ২০২৫ সালের ২২ মে এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের সঙ্গে নৈশভোজে অংশ নেওয়া নারী অ্যালিস হুয়াং বলে নিশ্চিত করেছে রয়টার্স। ছবি: সংগৃহীত
তাইপেতে ২০২৫ সালের ২২ মে এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের সঙ্গে নৈশভোজে অংশ নেওয়া নারী অ্যালিস হুয়াং বলে নিশ্চিত করেছে রয়টার্স। ছবি: সংগৃহীত

সোমবার ট্রাম্প বলেন, জেনসেন হুয়াং সম্ভাব্য গুপ্তচরবৃত্তির বিষয়ে কিছু জানতেন বলে তিনি মনে করেন না। এ ঘটনায় আগে ব্যবস্থা না নেওয়ার জন্যও তাঁর কোনো অনুশোচনা নেই।

অন্যদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যালিস হুয়াংকে গুপ্তচর হিসেবে অভিযুক্ত করার বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছে। মন্ত্রণালয়ের জানায়, এটি চীনকে হেয় করার একটি চেষ্টা।

এদিকে অ্যালিস হুয়াং বর্তমানে কোথায় রয়েছেন, তা জানা যায়নি। গত বছর তাঁর সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে খবর প্রকাশের পর থেকে তিনি জনসমক্ষে আসেননি।

সূত্র: সিএনএন