মৃত্যুদণ্ড নিয়ে ভারতে থাকা শেখ হাসিনার নতুন পাসপোর্টের ব্যবস্থা করতে একটি আইনি প্রতিষ্ঠানের চিঠি পেলেও তিনি নিজে কোনো আবেদন এখনো করেননি বলে জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর রয়টার্সের মাধ্যমে আসার একদিন পর আজ মঙ্গলবার ঢাকায় সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
জাহেদ উর রহমান বলেন, ‘আমাদের হাই কমিশন ই মেইলে একটি চিঠি পেয়েছেন, একটা ল ফার্মের, তাকে (পাসপোর্ট) দেওয়ার বিষয়ে। কিন্তু তিনি এখনো কোনো অ্যাপ্লিকেশন করেননি।’
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সাম্প্রতিক কয়েকটি সাক্ষাৎকারে তিনি দেশে ফেরার ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী হিসেবে লাল পাসপোর্টধারী ছিলেন শেখ হাসিনা। তিনি ভারতে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার তার সেই পাসপোর্ট বাতিল করে।
রয়টার্স গতকাল জানায়, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পেতে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে আবেদন করেছেন শেখ হাসিনা। এই আবেদন করা হয়েছে লন্ডনভিত্তিক একটি আইনি পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে।
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার পর সরকারের অবস্থানের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা জাহেদ বলেন, ‘আমার থেকে অনেক বড় জায়গা থেকে বক্তব্য দেওয়া হয়ে গেছে। আমার মনে হয়, তাতে এটা ক্লিয়ার।’
শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গতকাল সাংবাদিকদের বলেছিলেন, দিল্লিতে হাই কমিশন একটি চিঠি পেয়েছে। তার সত্যতা যাচাই এবং আইনি ভাবে কী করণীয় তা নিয়ে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় কাজ করছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছিলেন, সরকার পাসপোর্ট দিয়ে নয়, দণ্ডিত অপরাধী হিসেবে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে চায়।
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় রয়েছে। তাকে ফেরত পাঠাতে দিল্লিতে একাধিক কূটনৈতিক পত্র পাঠানো হলেও ভারত সরকারের কোনো সাড়া এখনো মেলেনি।
উপদেষ্টা জাহেদ বলেন, ‘আমরা উনাকে ধরে আনতে চাই। সরকার মনে করে দণ্ডিত আসামিকে আমরা ফিরিয়ে নিয়ে আসব।
‘ভারত থেকে বলা হয়েছে, এটায় লিগ্যাল ইস্যু আছে। যদি আইনি ব্যাপার থেকে থাকে, তাহলে উনি সেখানে কোর্টে যাবেন, কোর্ট সিদ্ধান্ত দেবে।’
কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় দেশে আওয়ামী লীগের নামে কোনো কর্মসূচি পালনের সুযোগ নেই বলে জানান জাহেদ উর রহমান।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ। দলটির কর্মকাণ্ড নিষিদ্ধ। আওয়ামী লীগের কোনো ব্যক্তি সভা-সমাবেশ করতে পারবেন না।’