Image description

রাজধানীর পল্লবীতে ১২ সড়কে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এজে আর কুরিয়ার নামের একটি প্রতিষ্ঠানের এক কর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮ দিকে মিরপুর-৬-এর পল্লবী থানার সি ব্লকের ৪ নম্বর অ্যাভিনিউয়ের ১২ নম্বর বাড়িতে অফিসের সামনে এ ঘটনা ঘটে। অজ্ঞাত ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটার কয়েক সেকেন্ডের মধ্যে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

আহত কর্মচারীর নাম রমজান ওরফে বাপন (২১)। তিনি ওই কুরিয়ার সার্ভিসে শ্রমিক হিসেবে কাজ করেন। বিস্ফোরণে আহত হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

 
 
 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই কুরিয়ার সার্ভিসের সামনে প্রথম একটি ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে এর ঠিক কিছুক্ষণ পরে পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওখানে কাজ করা কর্মচারীর গায়ে আগুন ধরে যায়।

 
 

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সন্ধ্যার পর এজে আর কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির একজন কর্মচারী আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।’