Image description

রাজধানীর কলাবাগান থানাধীন সেন্ট্রাল হাসপাতালের সামনে শাহনাজ বেগম নামে এক নারীর কাছ থেকে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে শনাক্ত করা হয়েছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্ত করে কলাবাগান থানা পুলিশ। জড়িত তিনজনের পরনে ছিল প্যান্ট-টিশার্ট। বয়স আনুমানিক ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। তাদের বেশভুষা বেশ স্মার্ট। দেখে উপায় নেই, তারা ছিনতাইকারী চক্রের সদস্য। এসব তথ্য জানান কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ।  
 
তিনি সমকালকে বলেন, সিসি ক্যামেরার একাধিক ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। দ্রুত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। বিভিন্ন সোর্স ব্যবহার করে জড়িতদের পরিচয় বের করার চেষ্টা করছি।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ওই নারীকে তিনজন ঘিরে আছেন। একজন তাকে অনুসরণ করে পাশাপাশি হাঁটছেন।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন মেয়ের জন্য ডাব ও অন্যান্য কিছু খাবার কিনতে গিয়ে হাসপাতালের সামনে বিপদে পড়েন শাহনাজ। প্রথমে এক যুবক এসে অশ্রুসিক্ত চোখে তার পরিচয় জানতে চান। শাহনাজের হাসপাতালে থাকার কারণ জানার পর ওই যুবক গল্প ফাঁদেন-  তার মাও একই হাসপাতালে চিকিৎসাধীন। এরপর শাহনাজের সঙ্গে নানা আলাপ জমানোর চেষ্টা করেন। এরপরই আরও দুই দুর্বৃত্ত সেখানে আসেন। তারা তিনজন ওই নারীর সঙ্গে নানা কথাবার্তা বলতে শুরু করেন। অল্প সময় পর শাহনাজ টের পান, সেন্ট্রাল হাসপাতালের অদূরে একটি গলির মধ্যে তার অবস্থান। হঠাৎ দেখতে পান মোবাইল, নগদ টাকা ও গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন নেই।