সৌদি আরবে বিবাহবহির্ভূত সন্তান জন্ম দেওয়ার অভিযোগে এস্থার ওয়ানজা মুথোনি নামে এক কেনীয় নারীকে ১০০ বেত্রাঘাতের সাজা দিয়েছেন আদালত। এ ঘটনায় দেশটির আইন ও নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এই শাস্তিকে সহিংসতা হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে।
এস্থার সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। সেখানে এক মিসরীয় ব্যক্তির সঙ্গে স্বল্প সময়ের সম্পর্কের কারণে তিনি অন্তঃসত্ত্বা হন। পরে ওই ব্যক্তি সৌদি আরব ছেড়ে চলে যান। সন্তান জন্ম দেওয়ার পর এস্থারের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ আনা হয়।
সৌদি আরবের শরিয়াহ আইন অনুযায়ী, বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক অপরাধ। তবে মানবাধিকারকর্মীদের অভিযোগ, এ ধরনের ঘটনায় পুরুষদের তুলনায় নারীরাই বেশি শাস্তির মুখে পড়েন।
মানবাধিকার সংগঠনগুলোর দাবি, সৌদি আরবে অনেক অবিবাহিত নারী সন্তান জন্ম দিলেও তাঁদের অধিকাংশের ঘটনা প্রকাশ্যে আসে না। কারণ, অনেক নারী বাড়িতেই সন্তান জন্ম দেন। তবে হাসপাতালগুলোতে অবিবাহিত নারীর সন্তান জন্ম দেওয়ার ঘটনা কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক। এ কারণেই এস্থারের ঘটনাটি সামনে এসেছে।
অক্টোবরে আদালতের রায় ঘোষণার পর নিউইয়র্ক টাইমসকে এস্থার বলেন, ১০০ বেত্রাঘাতের শাস্তি তিনি সহ্য করতে পারবেন কি না, তা নিয়ে ভীষণ ভীত। আমি এই শাস্তির যোগ্য নই।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন আল-কুস্তের ভারপ্রাপ্ত পরিচালক মারিয়াম আলদোসারি বলেন, এস্থারকে শাস্তি না দিয়ে দেশে ফেরত পাঠানো উচিত ছিল। তাঁর মতে, নারীর ক্ষমতায়নের কথা বললেও সৌদি আরবের এমন রায় দেশটির সংস্কার উদ্যোগ নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
২০২০ সালের এপ্রিলে সৌদি আরব বিচারিক শাস্তি হিসেবে বেত্রাঘাত বন্ধের ঘোষণা দেয়। তবে তা সব অপরাধের ক্ষেত্রে কার্যকর হয়নি। ইসলামী আইনের নির্দিষ্ট কিছু অপরাধের জন্য এখনো বেত্রাঘাতের বিধান রয়েছে।
এদিকে, কেনীয় মায়েদের সহায়তা পাওয়া কঠিন বলে জানিয়েছেন অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ডু বোল্ডের প্রতিষ্ঠাতা একাতেরিনা পোরাস সিভোলোবোয়া। তিনি অভিযোগ করেন, এসব নারীর পাশে দাঁড়াতে কেনিয়ার কর্তৃপক্ষের কাছ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায়নি।
সূত্র: দ্য গার্ডিয়ান