দুর্নীতির অভিযোগে কর্ণাটকের এক মন্ত্রী পদত্যাগের মাত্র দুই দিন পর মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের মন্ত্রিসভা থেকে আরেকজনকে সরানোর দাবি তুলেছে বিরোধী দল বিজেপি। উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি ইসলামকে ‘অন্যান্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলে মন্তব্য করেছেন। এরপর তাকে হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়া অথবা পদত্যাগের দাবি জানিয়েছে বিজেপি। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
কোপ্পাল জেলার কুকনুর শহরে এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় রায়ারেড্ডি ইসলামকে একটি মহান ও অত্যন্ত মানবিক ধর্ম হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ইসলাম বিজ্ঞানভিত্তিক এবং মানুষকে কীভাবে জীবনযাপন করতে হয়, তা শিক্ষা দেয়। তবে তার এর পরের মন্তব্য নিয়েই ক্ষুব্ধ হয় বিজেপি। রায়ারেড্ডি বলেন, যারা ইসলাম সম্পর্কে কিছুই জানেন না, তারা এ সম্পর্কে ভুল ধারণা করেন এবং ভুল মতামত তৈরি করেন। আমি বলতে চাই, ইসলাম সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ, কারণ এর সূচনা মানবতা দিয়ে। তিনি আরও বলেন- দেখুন, পবিত্র কোরআন সম্পর্কে বলতে গেলে, আব্রাহামিক ধর্মগুলো নিয়ে আমি ব্যাপকভাবে পড়াশোনা করিনি। আমি নিয়মিত মন্দির বা মঠে যাই না, তবে আমি ধর্ম ও বিভিন্ন ইতিহাস নিয়ে পড়াশোনা করি।
এ কারণেই আমি আব্রাহামিক ধর্মগুলোর দিকে নজর দিই।
মন্ত্রীর এই মন্তব্যের পরই কর্ণাটক মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের কাছে এর ব্যাখ্যা দাবি করেন বিজেপির সভাপতি আর অশোক। তার অভিযোগ, রায়ারেড্ডির মন্তব্যে হিন্দুধর্মকে হেয় করা হয়েছে। ডি কে শিবকুমারের নিয়মিত মন্দিরে যাওয়ার প্রসঙ্গও টেনে আনেন আর অশোক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ডি কে শিবকুমার, আপনার কংগ্রেস সরকারের হিন্দুবিরোধী মানসিকতার কি কোনো শেষ নেই? আপনি ভোরে মন্দিরে গিয়ে, ক্যামেরার সামনে ভক্তি প্রদর্শনের প্রদর্শনী করেন। কিন্তু আপনার নিজের মন্ত্রিসভার কোনো মন্ত্রী যখন সনাতন হিন্দু ধর্ম ও মন্দির সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন, তখনই কেন আপনি নীরব থাকেন?
রায়ারেড্ডি ক্ষমা না চাইলে তার পদত্যাগ দাবি করেন আর অশোক। তার এই দাবি এমন সময়ে এলো, যখন দুর্নীতির অভিযোগে বিজেপির তীব্র চাপের মুখে মন্ত্রী বি নগেন্দ্র দুই বছরের মধ্যে দ্বিতীয়বার পদত্যাগ করেছেন। বিজেপি নেতা বলেন, উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডির ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য মনোযোগ দিয়ে শুনুন। ‘আমি মঠ বা মন্দিরে যাই না’- এ কথা বলে তিনি রাজ্যের লাখো হিন্দুর ধর্মীয় বিশ্বাসের কেন্দ্রগুলোকে হেয় করেছেন। আর ‘ইসলাম অন্যান্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’-এ ধরনের মন্তব্য করে তিনি সনাতন ধর্মকে অবমাননা করেছেন।
তিনি আরও বলেন, আমাদের দাবি স্পষ্ট- প্রথমে বাসবরাজ রায়ারেড্ডিকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং রাজ্যের সব হিন্দুর কাছে ক্ষমা চাইতে হবে। তিনি যদি তা করতে প্রস্তুত না থাকেন, তাহলে শিবকুমার যেন তাকে মন্ত্রিসভা থেকে অপসারণের মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন। আর অশোক আরও বলেন, অন্যথায় কর্ণাটকের লাখো হিন্দুর কাছে একটি বিষয় পরিষ্কার হয়ে যাবে- আপনার মন্দিরে যাওয়া ভক্তির জন্য নয়; হিন্দু ধর্মের প্রতি আপনার কথায় কোনো শ্রদ্ধা নেই; সবকিছুই শুধু ভোটের জন্য, লোক দেখানোর জন্য।
বিজেপির মুখপাত্র অশোক গৌড়াও মন্ত্রীর সমালোচনা করেছেন। তার অভিযোগ, মন্ত্রী এবং কংগ্রেস সরকার নিজেদের ভোটারদের তুষ্ট করার চেষ্টা করছে। তিনি বলেন, বাসবরাজ রায়ারেড্ডি মনে হচ্ছে নিজের ভোটারদের তুষ্ট করতে সপ্তম শতাব্দীতে আটকে আছেন। আমি সবাইকে বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ পড়ার অনুরোধ করছি। এরপর আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি কোনো বিশেষজ্ঞ নন- এ কথা মনে রাখবেন।
বাসবরাজ রায়ারেড্ডি এর আগে সাবেক মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার আর্থিক উপদেষ্টা ছিলেন। চলতি মাসের শুরুতে ডি কে শিবকুমারের নেতৃত্বাধীন মন্ত্রিসভা সম্প্রসারণের সময় তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।