Image description

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, অবিলম্বে বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণ করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে গণভোটে পাওয়া ‘হ্যাঁ’ রায় বাস্তবায়ন করতে হবে।

 

মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী নগরীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) মাঠে আয়োজিত এনসিপির ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতির বিষয়ে তিনি আরো বলেন, কোনো ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য নয়, বরং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের দাবি আদায় করতেই আমরা জাতীয় সংসদে যাবো। সংস্কার ও বিচারের দাবিতে আমাদের আন্দোলন চলবে।

নাহিদ ইসলাম বলেন, ১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। আমরা শুনতে পাচ্ছি, সেদিন ফ্যাসিস্টের রেখে যাওয়া রাষ্ট্রপতি বক্তব্য রাখবেন। কিন্তু স্পষ্ট করে বলতে চাই- কোনো ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য আমরা সংসদে যাচ্ছি না। আমরা সংসদে যাচ্ছি জনগণের রায়ের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের দাবি জানাতে।

দেশের মানুষ নির্বাচনে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিয়েছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, সেই রায়ের ভিত্তিতে রাষ্ট্র ও সংবিধান সংস্কারের কাজ দ্রুত শুরু করতে হবে। কবে উচ্চকক্ষ গঠন হবে, কবে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে- এসব বিষয়ে জবাবদিহি নিশ্চিত করতেই আমরা সংসদে যাচ্ছি।

শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা শুনেছি হাদি ভাইয়ের হত্যাকারীদের ভারতে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। সেই সঙ্গে এই হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।

সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ফ্যামিলি কার্ড উদ্যোগ ভালো। তবে দুর্নীতি ও ঋণখেলাপি বন্ধ না হলে এ উদ্যোগ দেশের মানুষের খুব একটা উপকারে আসবে না। দ্রুত ঋণখেলাপিদের ঋণ পরিশোধের ব্যবস্থা করতে হবে।