Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ‘নির্বাচনের আগে গণভোটে “হ্যাঁ” দেওয়ার আহ্বান জানিয়ে সরকার এখন গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে।’

সোমবার (৯ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানার বায়তুল মোকাররম সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আসন্ন ঈদুল ফিতরের আগে চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।

হেলাল উদ্দিন বলেন, আজকের প্রধানমন্ত্রী প্রকাশ্যে জনসভায় দেশবাসীকে জুলাই সনদের পক্ষে গণভোটে “হ্যাঁ” ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। জনগণ গণভোটে “হ্যাঁ” ভোট দেওয়ার পর এখন তিনি সরকার গঠন করে গণভোটের রায় বাস্তবায়নের পরিবর্তে বিষয়টি আদালতের দিকে ঠেলে দিচ্ছেন। কারণ জুলাই সনদ বাস্তবায়ন হলে তারা ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, সন্ত্রাস ও চাঁদাবাজি করতে পারবে না।

তিনি বলেন, এই ভয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করে কোনো ধরনের ষড়যন্ত্র করা হলে ছাত্র-জনতা তা রুখে দেবে।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনের আগে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল যে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে সন্ত্রাস ও চাঁদাবাজি দমন করা হবে। কিন্তু সরকার গঠনের এক মাস পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। বরং আগের চেয়ে খুন, হত্যা, ধর্ষণ, সন্ত্রাস ও চাঁদাবাজি বেড়ে গেছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের অত্যাচারে জনগণ অতিষ্ঠ। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জিরো টলারেন্স নীতি গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

বায়তুল মোকাররম সাংগঠনিক ওয়ার্ড সভাপতি এনামুল হক শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান, পল্টন থানা আমীর অ্যাডভোকেট মারুফুল ইসলাম, পল্টন থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম এবং সাবেক কাউন্সিলর খন্দকার আব্দুর রব।

এছাড়াও অনুষ্ঠানে বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের সহস্রাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সভা শেষে ব্যবসায়ীদের সম্মানে বায়তুল মোকাররম সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল দক্ষিণ থানার আরামবাগ ওয়ার্ড আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে ড. হেলাল উদ্দিন বলেন, রমজান মাস ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রকে পরিশুদ্ধ ও পবিত্র করার মাস। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে পরিশুদ্ধ করার মাধ্যমে একটি বসবাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, যদি কোনো ব্যক্তি তাকওয়া অর্জন করেন (আল্লাহভীতি), তবে তার দ্বারা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, অন্যের অধিকার নষ্ট করা, অন্যায় ও অশ্লীলতা থেকে দূরে থাকা সহজ হবে। ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় থাকলে দুনিয়ার কোনো লোভ-লালসা তাকে অস্থির করতে পারে না। তাই তাকওয়া অর্জনের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের পরিশুদ্ধি সম্ভব।

তিনি আরও বলেন, আজ বাংলাদেশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি বন্ধ করা। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এবং সার্বিক উন্নয়নের জন্য দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রয়োজন। সন্ত্রাস দমন ও রাজনৈতিক স্থিতিশীলতা বর্তমান প্রেক্ষাপটে আরেকটি বড় চ্যালেঞ্জ। দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে—এর কোনো বিকল্প নেই।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল দক্ষিণ থানার আরামবাগ ওয়ার্ড সভাপতি মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর মজলিসে শুরা সদস্য ও মতিঝিল দক্ষিণ থানা আমীর মাওলানা মুতাছিম বিল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে মতিঝিল দক্ষিণ থানা ও আরামবাগ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।