বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন সংবাদমাধ্যম কালের কন্ঠ ও বাংলাদেশ প্রতিদিন আজ ৭ মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে নিয়ে সমালোচনামূলক একটি প্রতিবেদন প্রকাশ করে।
“উড়ন্ত আশিক কি ইউনূসের মার্কেটিং ম্যানেজার?” শিরোনামে প্রকাশিত খবরের দ্বিতীয় অনুচ্ছেদে বাংলাদেশ প্রতিদিন লিখেছে, “১৮ মাস আগে যখন ড. ইউনূসের অবৈধ সরকার বিদেশ থেকে আশিক চৌধুরীকে ডেকে এনে বিডার নির্বাহী চেয়ারম্যান বানাল, তখন তাকে ঘিরে তৈরি হয়েছিল এক অদ্ভুত রকমের ভক্তিবাদ। সোশ্যাল মিডিয়ায় তার ইংরেজি বলার ঢং, স্মার্ট চেহারা আর আত্মবিশ্বাসী উপস্থাপনা নিয়ে শুরু হয়ে গেল ‘আশিক ম্যাজিক’-এর গল্প। বলা হচ্ছিল, এই মানুষটাই নাকি বিদেশি বিনিয়োগের বন্যায় ভাসিয়ে দেবে দেশ। কিন্তু দেড় বছর পার হয়ে যাওয়ার পর এখন প্রশ্ন উঠছে, সেই ম্যাজিকের বেলুনটা কি আদৌ কখনো হাওয়ায় ভেসেছিল, নাকি শুরু থেকেই সেটা ছিল একটা ফাঁপা প্রচার?”
এর আগে, ১০ ফেব্রুয়ারি কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট দল বাংলাদেশ আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে নিয়ে একটি পোস্ট করে। ওই পোস্টে আওয়ামী লীগ দাবি করে, “দেড় বছর আগে যখন ড. ইউনূসের অবৈধ সরকার বিদেশ থেকে আশিক চৌধুরীকে ডেকে এনে বিডার নির্বাহী চেয়ারম্যান বানালো, তখন তাকে ঘিরে তৈরি হয়েছিল এক অদ্ভুত রকমের ভক্তিবাদ। সোশ্যাল মিডিয়ায় তার ইংরেজি বলার ঢং, স্মার্ট চেহারা আর আত্মবিশ্বাসী উপস্থাপনা নিয়ে শুরু হয়ে গিয়েছিল ‘আশিক ম্যাজিক’-এর গল্প। বলা হচ্ছিল, এই মানুষটাই নাকি বিদেশি বিনিয়োগের বন্যায় ভাসিয়ে দেবে দেশ। কিন্তু দেড় বছর পার হয়ে যাওয়ার পর এখন প্রশ্ন উঠছে, সেই ম্যাজিকের বেলুনটা কি আদৌ কখনো হাওয়ায় ভেসেছিল, নাকি শুরু থেকেই সেটা ছিল একটা ফাঁপা প্রচারণা?”
যাচাই করে দেখা যায়, আওয়ামী লীগের ফেসবুক পোস্টে থাকা অনুচ্ছেদটি থেকে “দেড় বছর” শব্দের পরিবর্তে “১৮ মাস” লিখে পুরো অনুচ্ছেদটিই হুবহু কপি করে বাংলাদেশ প্রতিদিন–এর “বিশেষ প্রতিনিধি” নিজের নামে খবর প্রকাশ করেছেন।
সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে “অবৈধ সরকার” আখ্যা দেয় আওয়ামী লীগের ফেসবুক পেজ। একই শব্দ হুবহু প্রকাশ করে বাংলাদেশ প্রতিদিন। এমনকি ড. ইউনূসকে অবৈধ সরকার দাবি করার ক্ষেত্রে বাংলাদেশ প্রতিদিন অন্য কারো মন্তব্য হিসেবে ব্যবহার না করে সরাসরি সংবাদে নিজেদের বক্তব্য হিসেবে তা উপস্থাপন করেছে।
হুবহু একই শিরোনাম, একই ভাষায় একই খবর প্রকাশ করেছে বসুন্ধরা গ্রুপের আরেক সংবাদমাধ্যম কালের কন্ঠ। যদিও সমালোচনার মুখে কালের কন্ঠ দ্রুত খবরটি সরিয়ে নেয়।
বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও শপথ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ ও মতামত অনুযায়ী সম্পূর্ণ বৈধ, যা ‘ডকট্রিন অব নেসেসিটি’ বা ‘রাষ্ট্রীয় প্রয়োজনে’র ভিত্তিতে গঠিত। ৫ আগস্ট ২০২৪-এ পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রপতি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকার গঠন করেন। সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধ ঘোষণা করে ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে রায় প্রদান করে।