Image description

লক্ষ্মীপুরের রায়পুরে দুই রিকশা চালকের মারামারি থামাতে গিয়ে কিল-ঘুষি খেয়ে বেল্লাল হোসেন মিশরী (৫০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসের সামনে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে এই ঘটনা ঘটে।

নিহত বেল্লাল রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি এবং পেশায় ব্যবসায়ী ছিলেন। এদিকে বেল্লালের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আরমান পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তার করতে বিকেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে উত্তেজিত জনতা। অভিযুক্ত আরমান রায়পুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের শাহ আলম বয়াতির ছেলে এবং পেশায় রিকশা চালক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশা দাঁড় করানো নিয়ে আরমান ও অপর রিকশা চালক বৃদ্ধ কবির মোহরির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা মারামারিতে জড়ান। ঘটনাটি দেখতে পেয়ে যুবদল নেতা বেল্লাল তাদের থামাতে যান। এ সময় আরমান ক্ষিপ্ত হয়ে বেল্লালের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। এতে বেল্লাল গুরুতর আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

বেল্লালের ছোট ভাই হেলাল হোসেন বলেন, আমার ভাইকে হত্যা করা হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, নিহতের পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি তদন্তাধীন।