সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ’দিগন্ত সত্যের সন্ধানে প্রতিদিন’ নামক পেজ থেকে একটি মারধরের ভিডিও শেয়ার করে দাবি করা হয়েছে, এটি বাংলাদেশের ফুলবাণীতে এক পুলিশ কনস্টেবলের ওপর প্রাণঘাতী হামলার ঘটনা।
পোস্ট এর ক্যাপশনে বলা হয়, “ব্রেকিং নিউজ যেখানে সকল মিডিয়ারা যুদ্ধ প্রচার নিয়ে ব্যস্ত বাংলাদেশের পরিস্থিতি এখন অনেক খারাপ কোন মিডিয়া প্রচার করতেছে না এই বিষয়টা আপনারা সবাই শেয়ার করে ছড়িয়ে দিন ভিডিওটি ডবল ইঞ্জিন সরকার, ছিঃ ধিক্কার!!
পুলিশ যেখানে নিজেই সুরক্ষিত নয়, সেখানে একজন সাধারণ মানুষ কীভাবে সুরক্ষিত থাকবে? ফুলবাণীতে পুলিশ কনস্টেবলের ওপর প্রাণঘাতী হামলা!”
পোস্টটি দেখুন এখানে।
দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি বাংলাদেশের নয়।
যাচাইয়ে ভিডিওটির কী-ফ্রেম বিশ্লেষণ ও রিভার্স ইমেজ সার্চ করে @AmiyaPandav নামের একটি এক্স অ্যাকাউন্টে একই ভিডিওর পূর্ণাঙ্গ সংস্করণ পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়, ঘটনাটি ভারতের ওড়িশা রাজ্যের কন্ধমাল জেলার ফুলবাণী শহরের।
পোস্টটি দেখুন এখানে।
আরো যাচাইয়ে এই ঘটনার প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করে একাধিক ভারতীয় গণমাধ্যমে ঘটনাটির বিস্তারিত প্রতিবেদন পাওয়া যায়। ভারতের Odishatv.in এর প্রতিবেদনে বলা হয়, ২৭ ফেব্রুয়ারি ফুলবাণীর জগন্নাথ মন্দির চত্বরে দিনের আলোয় কনস্টেবল মনোরঞ্জন সাবতের ওপর দুই ব্যক্তি হামলা চালায়। লাথি-ঘুষি ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে তিনি আশঙ্কাজনক অবস্থায় বেরহামপুর হাসপাতালে ভর্তি হন। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ব্যক্তিগত বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ।
অর্থাৎ, ভাইরাল ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনা নয়। এটি ভারতের ওড়িশা রাজ্যের ফুলবাণীর একটি ঘটনার ভিডিও।