স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে সমালোচনার মুখে গা ঢাকা দিয়েছেন ছোট পর্দার অভিনয়শিল্পী জাহের আলভী! এ ঘটনায় আলভী ও তার মা নাসরিন সুলতানা আহমেদের বিরুদ্ধে মামলা করেছে ইকরার পরিবার। স্ত্রীর মৃত্যুর সময় শুটিংয়ে নেপালে অবস্থান করছিলেন আলভী। আইনি জটিলতা এড়াতে স্ত্রীর জানাজায় অংশ নিতেও দেশে ফেরেননি তিনি। পুলিশ বলছে, দেশে ফিরলেই আলভীকে গ্রেপ্তার করা হবে।
এদিকে মিডিয়া পাড়ায় গুঞ্জন রটেছে, আলভী এরই মধ্যে দেশে ফিরেছেন। ২৮ ফেব্রুয়ারি রাতে তার দেশে ফেরার কথা ছিল। নির্ধারিত সময়ে দেশে ফিরে আলভী আত্মগোপনে রয়েছেন বলে দাবি করেছে একাধিক সূত্র।
কিন্তু এশিয়া পোস্টের অনুসন্ধানে জানা গেছে, আলভী এখনো দেশে ফেরেননি। নেপালে আলভীর সঙ্গে শুটিংয়ে যাওয়া ইউনিটের সব সদস্য দেশে ফিরলেও তিনি ফেরেননি। কবে ফিরবেন তা নিয়েও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
আলভীর দেশে না ফেরার তথ্য এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমান। ইকরার পরিবারের দায়ের করা মামলার অগ্রগতি নিয়ে আলাপকালে তিনি জানান, দেশে ফেরা মাত্র আলভীকে গ্রেপ্তার করা হবে।
ইকরার মৃত্যুর পর অভিনেতা আলভীর সঙ্গে অভিনেত্রী ইফফাত আরা তিথির নামও উঠে এসেছে আলোচনায়। বলা হচ্ছে, তিথির সঙ্গে আলভীর প্রেমের সম্পর্ক রয়েছে। এমনকী ইকরার মৃত্যুর সময় আলভীর সঙ্গে তিথিও নেপালে ছিলেন। ইকরার স্বজনরা তাই অভিযোগের আঙুল তুলেছেন তিথির দিকেও।
তার বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমান এশিয়া পোস্টকে বলেন, অভিনেত্রী তিথির বিরুদ্ধে ইকরার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে তিথির বিরুদ্ধে কোনো তথ্য পাওয়া গেলে কিংবা ইকরার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে এ বিষয়টি খতিয়ে দেখা হবে। আপাতত মামলাটির তদন্ত চলছে।
তবে ইকবার কয়েকজন বন্ধু এশিয়া পোস্টের কাছে অভিযোগ করেছেন, এ মৃত্যুর বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। কিন্তু আলভী মূলত ইকরাকে তিলে তিলে হত্যা করেছে। তিথির সঙ্গে আলভীর পরকীয়ায় বিষয়টি শোবিজের কারও অজানা নয়।
রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাবা থেকে ২৮ ফেব্রুয়ারি ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। সেখান থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ইকরাকে মৃত ঘোষণা করেন।
২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের রিযিক নামে একটি পুত্রসন্তান রয়েছে।