Image description

নিজ বাড়িতে গাঁজা চাষের দায়ে সিরাজগঞ্জের কাজিপুরে মাহবুবুর রহমান মানিক (৪৫) নামে এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

রোববার (১ মার্চ) রাতে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়ায় মাহবুবুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার মাহবুবুর রহমান মানিক চালিতাডাঙ্গা দক্ষিণপাড়ার বাসিন্দা। তিনি আনোয়ারা আজাদ মাধ্যমিক কারিগরি ও ভকেশনাল ইনস্টিটিউটের সিভিল ও আর্কিটেকচার বিভাগের সিনিয়র ইনস্ট্রাক্টর। এ ছাড়া তিনি উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক।

 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাহবুবুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ১২ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় গাঁজা চাষের অভিযোগে তাকে আটক করা হয়।

 
 

 

অভিযানে নেতৃত্ব দেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, অভিযান চালিয়ে মাহবুবুর রহমানের বাড়ির পেছন থেকে প্রায় ১২ ফুট উচ্চতার পাঁচ কেজি ওজনের একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাছটি রোপণের পর ওই শিক্ষক নিয়মিত পরিচর্যা করতেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। পরে কাজিপুর থানায় নিয়মিত মামলা করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

অভিযানে অংশ নেন কাজিপুর থানার তদন্ত কর্মকর্তা আবু সাইদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নজরুল ইসলাম ও পরিদর্শক নিজাম উদ্দিন খান।