Image description
গত ৭ দিনে সারাদেশে অন্তত ২৫টি ধর্ষণ, গণধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ছবি: সংগৃহীত

চলমান ধর্ষণ, গণধর্ষণ, হত্যাসহ নানা অপরাধ তৎপরতার কারণে সম্প্রতি সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহভাবে অবনতি হয়েছে। একের পর এক রোমহর্ষক ঘটনা সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে বিক্ষুব্ধ জনগণ বলতে শুরু করেছে যে দেশে গণধর্ষণ ও হত্যার মহোৎসব চলছে। বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সারাদেশে গত ৭ দিনে অন্তত ২৫টি ধর্ষণ, গণধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে।

নরসিংদীর মাধবদী এলাকায় রাতে বাবার সামনে থেকেই কিশোরীকে তুলে নেয় স্থানীয় একদল যুবক। অনেক খোঁজাখুঁজির পর পরদিন বৃহস্পতিবার সকালে গ্রামের একটি ফসলি জমি থেকে উদ্ধার করা হয় ওই কিশোরীর মরদেহ। এই ঘটনা নিয়ে পুরো দেশে চাঞ্চল্য তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে যেমন আলোচনা-সমালোচনা চলছে, তেমনি নিন্দা জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে।

শুক্রবার রাতে এই ঘটনায় মূল অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নূরাকে গাজীপুরের মাওনা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া কুমিল্লার গৌরিপুর থেকে আটক করা হয়েছে হযরত আলী নামে আরেকজনকে। এর আগে এই ঘটনায় জড়িত সন্দেহে আরও পাঁচজনকে গ্রেফতার করার কথা জানিয়েছিল পুলিশ।

রাজধানীর হাতিরঝিলে ছয় বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। পরিবারের অভিযোগ, ছোট্ট তাহেদী আক্তারকে হত্যা করে সিসিটিভি ফুটেজ সরিয়ে দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। হাতিরঝিল থানা তাৎক্ষণিক মামলা না নিলে স্থানীয়রা থানা ঘেরাও করলে পরবর্তীতে একদিন পর মামলা নেয় পুলিশ।

এদিকে পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলেই তাহেদীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সিসিটিভি ফুটেজ উদ্ধারেও কাজ চলছে, বলেছে সংস্থাটি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে শামসুন্নাহার রুমা নামে এক স্কুলশিক্ষিকাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার হাত-পা বাঁধা এবং গলায় ওড়না পেঁচানো ছিল। শামসুন্নাহার রুমা চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী গ্রামের সোলাইমান আলী মাস্টারের কন্যা।

পাবনার ঈশ্বরদীতে দাদি (৬৫) ও নাতনির (১৫) লাশ উদ্ধার ঘটনায় শনিবার দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুজনের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রহস্য উদ্‌ঘাটনে জেলা পুলিশের একাধিক দল মাঠে নেমেছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার আনোয়ার জাহিদ।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মধ্যরাতে কিশোরী নাতনিকে তুলে নেওয়ার চেষ্টা করলে দাদি বাধা দেন। এ সময় দাদিকে হত্যা করা হয়। এরপর কিশোরীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হতে পারে। কিশোরীর লাশ বিবস্ত্র অবস্থায় পাওয়ায় সম্ভাব্য যৌন নির্যাতনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

খুলনায় প্রথম শ্রেণীর এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এ অভিযোগে শিপন কুমার (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শিশুটির পরিবার অত্যন্ত হতদরিদ্র; তার মা গৃহকর্মী হিসেবে কাজ করেন। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ভিকটিম প্রথম শ্রেণীর ছাত্রী।

রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে এক তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। রোববার (১ মার্চ) থানায় লিখিত অভিযোগ থেকে এ তথ্য জানা যায়।

এর আগে হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিয়াম নামে এক ঘাতককে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ। গত বৃহস্পতিবার সকালে কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নিহত ছাত্রীর নাম শাহরিয়ার শারমিন বিন্তি (১৪)। হত্যাকারী সিয়াম ওরফে ইমন (১৯)।

রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন এলাকা থেকে মানুষের কাটা হাত, পা, মাথাসহ দেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। দুই হাতের আঙুলের ছাপ দেখে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির নাম ওবায়দুল্লাহ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের রুমমেট শাহীনকে গ্রেফতার করেছে পুলিশ।

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে। একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে স্থিতিশীলতা আসে। মানুষের মনে শান্তি ও নিশ্চয়তা আসে। এজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো বলে তিনি মন্তব্য করেছেন।

সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন আরটিএনএনকে বলেন, প্রতিটি ঘটনা পুলিশ গুরুত্বসহকারে দেখছে এবং যথাযথ পদক্ষেপ নিয়ে অভিযান পরিচালনা করছে। পুলিশ ইউনিটগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই ধরনের ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকেও সামাজিক দায়িত্ব থেকে এগিয়ে আসতে হবে।

হঠাৎ ধর্ষণ, গণধর্ষণ ও হত্যাসহ অপরাধ তৎপরতা কেন বৃদ্ধি পাচ্ছে, তা জানতে চাইলে সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক তৌহিদুল হক বলেন, সামাজিক স্তরবিন্যাস ও বৈষম্যের কারণে সমাজে অপরাধ তৎপরতা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া আইনের শাসনের অনুপস্থিতি এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীর চক্র সমাজে আরও বেপরোয়া হয়ে ওঠে। রাজনৈতিক ছত্রছায়া ও প্রভাবশালী মহলের আশ্রয়ের কারণে সমাজের প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়।

নরসিংদীতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বিক্ষোভ করেছে। শুক্রবার জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

দেশজুড়ে শিশু ও কিশোরী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে গণসংহতি আন্দোলন প্রতিবাদ সমাবেশ করেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নগরীর জামাল খান চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করা হয়।