Image description
 

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, এ দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কোনো শব্দ নেই। আমরা প্রত্যেকেই মানুষ এবং মানুষ হিসেবে আমাদের সবার সমান অধিকার রয়েছে। 

 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নেত্রকোনার দুর্গাপুরে দশভূজা মন্দিরে আয়োজিত হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

ভূমি প্রতিমন্ত্রী বলেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের প্রিয় দুর্গাপুরকে আমরা একসঙ্গে গড়ে তুলতে চাই। আইনগতভাবে এবং মানুষ হিসেবে এখানে সবার সমান অধিকার।

উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য হবে না উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের ক্ষেত্রে কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ বা খ্রিস্টান- তা কখনো বিবেচনা করা হবে না। সমতার ভিত্তিতে সবার উন্নয়নের অংশীদার হব আমরা। দুর্গাপুরের মাটি আমাদের সবার। এখানে কোনো ভেদাভেদ বা বৈষম্য করতে দেব না।

তরুণ প্রজন্মের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, তোমাদের ভালোভাবে পড়াশোনা করতে হবে, যাতে তোমরা তোমাদের মা-বাবা এবং দুর্গাপুরের মুখ উজ্জ্বল করতে পারবে, আমি তোমাদের সার্বিক সহায়তা করব।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কামরুল হাসান, দশভূজাবাড়ী মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, সাধারণ সম্পাদক শুভেন্দু সরকার পিন্টু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মানেশ চন্দ্র সাহা, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বিদ্যুৎ সরকার, দশভূজা বাড়ি কীর্তন পরিচালনা কমিটির সভাপতি রঞ্জিত সেন, সাধারণ সম্পাদক প্রভাত সাহাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ভক্তরা উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।