Image description

নাটোরের গুরুদাসপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে হাট ইজারাদারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে।

 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসের সামনে এই ঘটনা ঘটে। অভিযুক্ত রাকিবুর রহমান রাজা নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।

 

জানা গেছে, আগামী এক বছরের জন্য চন্দ্রপুর তুলাধূনা হাটের ইজারা নিতে টেন্ডার জমা দেন ওবায়দুল ইসলাম তপু ও যুবদল নেতা রাকিবুর রহমান রাজা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে হাট-বাজার ইজারা সংক্রান্ত আলোচনা সভা হয়। সভায় ২১ হাজার ৭১৩ টাকা চুক্তিমূল্যে তুলাধূনা বাজারের ইজারা পান ওবায়দুল ইসলাম তপু। ইজারা না পেয়ে ক্ষিপ্ত হন রাকিবুর রহমান রাজা।

 

সভা শেষে গুরুদাসপুর থানার ওসি এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা ইউএনও অফিস থেকে বের হচ্ছিলেন। এ সময় তাদের উপস্থিতিতেই তপুর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন রাকিবুর রহমান রাজা। সরকারি দপ্তরের সামনে কর্মকর্তাদের উপস্থিতিতে এমন ঘটনায় হতভম্ব হয়ে পড়েন উপস্থিত অনেকে।

 
 

 

ভুক্তভোগী ওবায়দুল ইসলাম তপু বলেন, হাটের ইজারা না পেয়ে ইউএনও অফিসের সামনে সকলের উপস্থিতিতে রাজা আমার কাছে পাঁচ লাখ টাকা চাদা দাবি করেন। আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করব।

 

তবে এসব অভিযোগ অস্বীকার করে নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুর রহমান রাজা বলেন, তপুর কাছে পাওনা টাকা চাওয়া হয়েছে। টাকা পাওয়ার জন্যই তাকে টাকা নিয়ে বাজারে দেখা করতে বলা হয়েছে। হাটের ইজারা নিয়ে যদি চাঁদা দাবি করা হত, তাহলে শত শত মানুষের উপস্থিতিতে কেউ প্রকাশ্যে এমন দাবি করত না।

 

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার বলেন, টাকা চাওয়ার কোনো বিষয় ছিল না। হাট ইজারা নিতে রাজা যে দাম দিয়েছেন, তপু তার চেয়ে বেশি দাম দেন। ইজারা না পেয়ে সভাকক্ষ থেকে বের হওয়ার সময় রাজা তপুকে বলেন, ‘তুই হাটে আয়, তোকে দেখে নেব।’