নরসিংদীর মাধবদীতে গণধর্ষণের পর আমেনা নামে এক কিশোরীকে হত্যার প্রতিবাদ ও বিচার চেয়ে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এ সময় তারা অনতিবিলম্বে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
মিছিলে শিক্ষার্থীরা ‘দিনে-দুপুরে ধর্ষণ করে, প্রশাসন কি করে’, ‘আমার বোন ধর্ষিত কেন, প্রশাসন জবাব চাই’, ‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাসি দে’, ‘আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাই নাই’সহ বিভিন্ন শ্লোগান দেন।
প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহাত আব্দুল্লাহ বলেন, ‘স্বাধীন বাংলাদেশে আমার মা-বোন আজ নিরাপদ নয়। ১৫ দিন আগের ধর্ষণের জন্য আমাদের আজ রাস্তায় নামতে হয়।
শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘ধর্ষণের বিচার চেয়ে আমাদের বারবার রাজপথে নামতে হয়। কিন্তু দেশে শাসনব্যবস্থার কোনো পরিবর্তন হয় না।
এর আগে, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মধ্যবর্তী একটি সরিষা ক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মাধবদী থানায় ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।