পেকুয়া থেকে চুরি হওয়া রোহিঙ্গা ক্যাম্পের ৮০টি গ্যাসের সিলিন্ডার চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ। চুরির সাথে জড়িত ২ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম শহরের চাক্তাই এলাকা থেকে এসব গ্যাসের সিলিন্ডার উদ্ধার ও তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার নুরুল ইসলামের ছেলে মো. ইলিয়াস (৪০) ও বায়েজিদ থানার জালালাবাদ এলাকার মো. বাচ্চু মিয়ার ছেলে মো. কাউছার (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ব্যবহৃত জাতিসংঘের অর্থায়নে ৭০০ টি খালি গ্যাসের সিলিন্ডার ছাদ খোলা ট্রাকে করে রিফিলের জন্য চট্টগ্রাম নেওয়ার পথে পেকুয়া চৌমুহনী ফিলিং স্টেশন এলাকায় গাড়ি থামিয়ে যাত্রা বিরতি করেন চালক। এ সময় চালকের চোখ ফাঁকি দিয়ে গাড়ির হেলপারের সহযোগিতায় ৮০টি সিলিন্ডার কৌশলে সরিয়ে দেওয়া হয়। যাত্রা বিরতি শেষে গাড়ির চালক হেলপারকে খুঁজে না পেয়ে সন্দেহ হলে সিলিন্ডার গুনে চুরির বিষয়টি নিশ্চিত হন।
এ বিষয়ে পেকুয়া থানায় অভিযোগ করলে, পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গাড়ির হেলপার চুরির সাথে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়। পেকুয়া থানার এসআই মো. সাজ্জাদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে। অভিযানে চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকা থেকে এসব সিলিন্ডার উদ্ধার করে জড়িত সন্দেহে দুইজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, গাড়ির হেলপার মোহাম্মদ নুর নবী (২৩) ও অজ্ঞাতনামা কয়েকজনের কাছ থেকে তারা কম টাকায় গ্যাসের সিলিন্ডার কিনে নিয়েছেন।
পেকুয়া থানার ওসি খাইরুল আলম জানান, বেক্সিমকো কোম্পানির এলপিজি'র ফ্যাক্টরি টিএসএস লজিস্টিক লিমিটেড ট্রান্সপোর্ট কোম্পানির প্রতিনিধি বাদি হয়ে পেকুয়া থানার মামলা দায়ের করেন। ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার মূলহোতা গাড়ির হেলপার মোহাম্মদ নুর নবীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।