সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল বলেছেন, কে কী করলো তা আমার দেখার সুযোগ নেই। তবে আমার সংসদীয় আসনে কোনো চাঁদাবাজি চলবে না। প্রতিটি বাজারে সরকার নির্ধারিত ট্যাক্সের বেশি কেউ আদায় করলে তাকে ছাড় দেওয়া হবে না। তাই যারা বাজার ইজারা নেবেন, তারা ভেবেচিন্তে দায়িত্ব নেবেন।
বুধবার মধ্যনগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, হাওরাঞ্চল হিসেবে এই অঞ্চল দেশের অন্যান্য এলাকার তুলনায় বিভিন্ন ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সরকারি উদ্যোগের পাশাপাশি সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এজন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সংসদ সদস্য বলেন, আমি আগেও বলেছি, এখনও বলছি—আমি আপনাদের কামরুল হয়েই থাকতে চাই। এমপি ভাব নেওয়ার কোনো ইচ্ছে আমার ছিলো না, এখনও নেই। আমি কাজ করতে চাই। কাজের মাধ্যমে সবার ভালোবাসা অর্জন করতে চাই।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ের সভাপতিত্বে সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা এলাকার সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত ঘাটতি, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।