Image description

আদালতের রায় অনুযায়ী যেদিন থেকে শপথ নিয়েছেন সেদিন থেকে পাঁচ বছর চসিক মেয়রের দায়িত্বে থাকার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন বর্তমান মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে দেওয়ান বাজার ঘাটফরহাদবেগ স্কুল মাঠে মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল মান্নানের সহযোগিতায় অসহায় দুস্থদের ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।  

মেয়র বলেন, বর্তমানে নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর না থাকায় চসিকের সেবা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। এখন যে সেবা দিচ্ছি এর থেকে আরো বেশি সেবা দেওয়ার জন্য ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর থাকা জরুরি।

তাই আমি মনে করছি, চট্টগ্রামবাসীর বৃহত্তর স্বার্থে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গণমুখী নির্বাচন প্রয়োজন। আমি এমন একটি নির্বাচন চাই, যেখানে জনগণ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবে। জনগণ যদি আমাকে ভোট দেয়, সেটিও আমি সম্মানের সঙ্গে গ্রহণ করবো, আর না দিলে সেটিও গণতান্ত্রিকভাবে মেনে নেব।

 

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

 

চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে মেয়র বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে প্রায় ১০ লাখ শিশুকে টাইফয়েডের টিকা এবং মেয়েদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা বিনামূল্যে দেওয়া হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও স্মার্ট কার্ডের মাধ্যমে অসহায়, বয়স্ক ও বিধবা নাগরিকদের সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।

সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, রমজান আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের কষ্ট লাঘব করাই আমাদের প্রধান লক্ষ্য।

আমরা শুধু ভোটের রাজনীতি করি না, আমরা মানুষের বিপদে পাশে থাকার রাজনীতি করি। সাধারণ মানুষের ইফতারের টেবিলে খাবার পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।

 

আবুল হাশেম বক্কর বলেন, জনগণ এবার স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছে। অতীতে যেভাবে ভয়ভীতি ও বাধার মাধ্যমে নির্বাচন প্রভাবিত করা হতো, এবারের নির্বাচনে তার পুনরাবৃত্তি হয়নি। ধানের শীষ এমন একটি প্রতীক, যা উন্নয়ন ও সার্বভৌমত্বের প্রতীক।

আপনারা এই প্রতীকের ওপর আস্থা রেখেছেন, এজন্য আপনাদের ধন্যবাদ জানাই।

 

দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ ইলিয়াছ সরদারের সভাপতিত্বে ও কোতোয়ালী থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সাবেক যুগ্ম সম্পাদক আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু, মহানগর বিএনপি নেতা নকিব উদ্দিন ভূঁইয়া, টেরিবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা বেলায়েত হোসেন। উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, কোতোয়ালী থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবু বক্কর, বিএনপি নেতা সফিকুর রহমান মজুমদার, মো. আলমগীর, আবুল হাসেম, মো. ফতেহ আলী, মাইনুদ্দিন রাজিব, মো. মহিউদ্দিন, মো. আমজাদ, মো. তারেক, মো. মাসুদ, আবু ইউসুফ, মো. আরিফ, মো. সাজ্জাদ, মো. রাব্বি, মো. পাপ্পু প্রমুখ।