Image description

বাংলাদেশ সরকারের প্রতি আস্থা জানিয়েছে চীন, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশ। একইসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রবল ইচ্ছাও প্রকাশ করেছেন দেশগুলোর রাষ্ট্রদূতরা। এসব কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চাইবে না।

 

তিনি ব‌লেন, গতকাল থেকে আমাদের দেশের বিদেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের সঙ্গে আমরা বৈঠক শুরু করেছি। আমরা তাদের কাছে আমাদের সরকারের বৈদেশিক নীতির আউটলাইন তুলে ধরেছি। আমাদের মোটো হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। সবার উপরে থাকবে বাংলাদেশ।

 

ড. খলিলুর রহমান ব‌লেন, আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব, পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করব না এবং আমাদের নীতিমালা হবে পারস্পরিক স্বার্থ ও জাতীয় মর্যাদার ওপর ভিত্তি করে।

 

সরকারের প্রতি বিভিন্ন দেশের আস্থার কথা জানিয়ে তিনি বলেন, আমরা প্রতিটি দেশের সঙ্গে পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে চাই। এখন পর্যন্ত সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করেছি। লক্ষ করেছি, তারা আমাদের সরকারের প্রতি গভীর আস্থা এবং আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন।

 

দক্ষিণ এশিয়া ও বিশ্বের অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ গভীর সম্পর্ক স্থাপন করতে সক্ষম হবে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।

 

তিনি জানান, আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব। কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব। আমাদের সব ইস্যু আমরা পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্মানজনকভাবে সমাধান করব। আগামী দিনে আমরা অত্যন্ত গতিশীল বৈদেশিক নীতি পরিচালনা করতে পারব।

 

খলিলুর রহমান আরও বলেন, এখন পর্যন্ত আমরা সৌজন্যমূলক ও বন্ধুত্বপূর্ণ বৈঠক করেছি। ভবিষ্যতে আমরা স্পেসিফিক বিষয় নিয়ে আলাপ করব, এজন্য কিছুটা সময় প্রয়োজন।