Image description

গাজীপুরে আমজাদ হোসেন দিপু নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে দুটি চিরকুট লিখে যান তিনি।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আমজাদ হোসেন দিপু নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের মো. ফখরুল ইসলামের ছেলে। তিনি গাজীপুরের শ্রীপুরের একটি গার্মেন্টসে চাকরি করতেন।

চিরকুটে তিনি লেখেন, “আমজাদ হোসেন দিপু লিখেন, বিদায়টা দরকার ছিল শান্তির জন্য। পরিবার, আত্মীয় স্বজনরা, বন্ধুবান্ধব ইত্যাদি এই দুনিয়াটা একটা মরীচিকা।”

দ্বিতীয় চিরকুটে দিপু লিখেন, কী পেলাম এই জীবনে। না আছে পরকালের জন্য, না আছে দুনিয়াবি কাজ। ভালো থাকুক দুনিয়ার মানুষ।

নিহতের বন্ধু আব্দুল মালেক শাওন বলেন, “গত ১৩ ফেব্রুয়ারি দিপু এলাকার একটি মসজিদে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন। বিয়ের মাত্র ১০ দিনের মাথায় আজ দিপু নেই। তার বাড়িতে রয়েছেন নববধূ, যার হাতের মেহেদীর রং এখনো শুকায়নি। তিনি দীর্ঘদিন ধরে মারাত্মক হতাশায় ভুগছিলেন। হয়তো সেই হতাশা থেকেই এভাবে নিজের জীবন শেষ করে দিয়েছেন। দিপুর মতো মিশুক মানুষ আমি জীবনে খুব কমই দেখেছি।”

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষ হলে লাশ স্বজনরা বাড়িতে আনবে। এবিষয়ে শ্রীপুর থানা পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।”

শীর্ষনিউজ