Image description

এমপিওভুক্ত শিক্ষকরা ঈদের আগেই শতভাগ বোনাস দেওয়াসহ ১৩টি দাবি জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কাছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠকে দাবিগুলো তুলে ধরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়ার নেতৃত্বাধীন প্রতিনিধি দল।

 

বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সেলিম ভূইয়া বলেন, আসন্ন ঈদুল ফিতরের আগেই যেন বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা এবং বেতন দেওয়া হয়। এছাড়া শিক্ষকদের যেন কোনো আর্থিক চাপ না থাকে, যাতে তারা নিশ্চিন্তে পাঠদান করতে পারেন।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দেওয়ার বিষয়টি পর্যালোচনা করা হবে। শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার আমাদের কেবিনেট মিটিং ছিল। মিটিংয়ের ৯০ শতাংশ সময় তিনি শিক্ষার ব্যাপারে দিয়েছেন।

তিনি বলেন, দাবি-দাওয়া নিয়ে আর রাস্তায় আসতে হবে না শিক্ষকদের। এগুলো নিয়ে আমরা কাজ করব।