লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় পারিবারিক যৌথ বিদ্যুৎ বিলের ৫ টাকা লেনদেনকে কেন্দ্র করে প্রবাসী আলমগীর হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাইয়ের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় উপজেলার করপাড়া ইউনিয়নের লেদির ভাগো বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলমগীর হোসেন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফেরেন।
নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, একটি মিটারের মাধ্যমে আলমগীর হোসেন ও তার বড় ভাই খোরশেদ যৌথভাবে বিদ্যুৎ ব্যবহার করে। এতে দুইজনেই ভাগাভাগি করে বিল পরিশোধ করে আসছে। চলতি মাসের বিল দেয়ার সময় আলমগীর ৫ টাকা কম দেয়। এ নিয়েই দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় এলাকার একটি চায়ের দোকানে আলমগীর চা পান করতে যায়। সেখানে খোরশেদসহ কয়েকজন মিলে তার স্বামীকে মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় অভিযুক্তরা তাকে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। এতে তিনি মারা যান।
রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী বিদ্যুৎ বিল নিয়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে আলমগীর মারা যায়। ঘটনাটি তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। মরদেহ হাসপাতালে আছে।’