বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মাতৃভাষার মর্যদা রক্ষায় আমরা দায়বদ্ধ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি বলেন, মাতৃভাষা- মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে। এর মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ।
এদিন রাতেই প্রথমবারের মতো অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। একই সঙ্গে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তিনি শ্রদ্ধা জানান।
জামায়াত আমিরের সঙ্গে দলীয় নেতারাও উপস্থিত ছিলেন। একুশের চেতনাকে ধারণ করে ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানান তারা।