Image description

রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দলীয় কার্যালয়ে ব্যানার টাঙিয়ে অফিস উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়েছে। ৫ আগস্টের পটপরিবর্তনের পর বন্ধ থাকা দলীয় কার্যালয়ে হঠাৎ এমন ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে পাংশা পৌর শহরের টেম্পুস্ট্যান্ড এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের বারান্দায় রশি দিয়ে টাঙানো একটি ব্যানার দেখতে পান স্থানীয়রা। ব্যানারে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিমের ছেলে আশিক মাহমুদ মিতুল হাকিমের ছবি ও নির্দেশনাসংবলিত বার্তা ছিল।

ব্যানারে লেখা ছিল, ‘রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মিতুল হাকিমের নির্দেশনায় পাংশা উপজেলাসহ জেলার প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের অফিস শুভ উদ্বোধনের ঘোষণা দেওয়া হলো।’

স্থানীয়দের ভাষ্য, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টা পর্যন্ত সেখানে কোনো ব্যানার ছিল না। ধারণা করা হচ্ছে, রাত গভীর হলে কে বা কারা ব্যানারটি টাঙিয়ে যায়। শুক্রবার সকাল ৭টার দিকে টেম্পুস্ট্যান্ডসংলগ্ন দোকানিরা প্রথম ব্যানারটি দেখতে পান।

 

এর আগে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়েও জাতীয় পতাকা উত্তোলন এবং শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার টাঙানোর ঘটনা ঘটে। সেই ধারাবাহিকতায় এবার পাংশায় একই ধরনের তৎপরতা দেখা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছানোর আগেই ব্যানারটি সরিয়ে ফেলা হয়।

 

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে কোনো ব্যানার পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাংলা নিউজ