২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার আবেদন ফরম পূরণের সময়সূচি ও নীতিমালা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে অনলাইনে ফরম পূরণ শুরু হয়ে চলবে ৯ মার্চ পর্যন্ত।
বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ড–এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা ২৮ ফেব্রুয়ারি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিলম্ব ছাড়া ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ মার্চ। তবে ১০০ টাকা বিলম্ব ফিসহ ১১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ থাকবে এবং বিলম্ব ফিসহ ফি জমার শেষ সময়ও ১৮ মার্চ।
নীতিমালা অনুযায়ী, বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের বোর্ড ফি ও কেন্দ্র ফি মিলিয়ে মোট ২ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থীদের জন্য এ ফি ২ হাজার ৪৩৫ টাকা। তবে এসব শাখায় কোনো পরীক্ষার্থীর চতুর্থ বা নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে বিষয়প্রতি অতিরিক্ত ১৪০ টাকা দিতে হবে।
এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ২৪ মাসের টিউশন ফি আদায় করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পরীক্ষার শুরুর তারিখ পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।