Image description

রোহিঙ্গা শরণার্থী সংকটের প্রেক্ষাপটে কক্সবাজারে পৌঁছেছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের ছেলে নেকমেদ্দিন বিলাল এরদোয়ান। তাদের সঙ্গে রয়েছেন ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নেকমেদ্দিন বিলাল এরদোগানের নেতৃত্বে দলটি ঢাকা থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাদের স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসক আ. মান্নান এবং পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।

প্রতিনিধি দলটি কক্সবাজার সফরে স্থানীয় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে অংশ নেবে সমন্বয় সভায়। এছাড়া তারা উখিয়ার ৪, ৫, ৯, ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করবেন। সফর সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিবির পরিদর্শনের পরে অতিথিরা ঘুমধুম ইয়াহিয়া গার্ডেনের টিকা কিচেন সেন্টারে ইফতার করবেন।

প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন আব্দুল্লাহ এরেন, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী ও সাংবাদিকরা।

উল্লেখ্য, এই সফরের মূল লক্ষ্য হলো রোহিঙ্গা শিবিরে মানবিক সহায়তা কার্যক্রমের তত্ত্বাবধান এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে সরাসরি অবহিত হওয়া। সফর একদিনের হলেও এতে আন্তর্জাতিক পর্যায়ে সমন্বয় ও সহায়তার কার্যক্রমে গুরুত্ব আরোপ করা হবে।
শীর্ষনিউজ