Image description

রংপুরের পীরগঞ্জ উপজেলার হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ধানের শীষ ও গণভোটের সিলমারা ৬টি ব্যালট পেপার এবং ২টি সিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পপি খাতুনকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।

ইউএনও'র কার্যালয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোটের ছুটির পর সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিদ্যালয়ে উপস্থিত হওয়ার পর বেলা ১১টার দিকে দুজন শিক্ষার্থী শ্রেণিকক্ষ পরিষ্কার করার সময় একটি আলমিরার ভেতরে সিলমারা ৬টি ব্যালট পেপার দেখতে পায়। এর মধ্যে ধানের শীষ প্রতীকের ২টি এবং গণভোটের ‘হ্যাঁ’ ও ‘না’-প্রতিটির ২টি করে ব্যালট ছিল। এছাড়া, ২টি সিলও উদ্ধার করা হয়।

এই খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন স্কুল মাঠে জড়ো হন। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজুর রহমান এবং পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানাসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান।

এক পর্যায়ে কয়েক হাজার নারী-পুরুষ সেখানে সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় উত্তেজিত জনতা ইউএনওকে স্কুল ভবনের ভেতরে অবরুদ্ধ করে রাখে। প্রায় দুই ঘন্টা পর পুলিশ ও স্থানীয় নেতাদের সহযোগিতায় ইউএনওকে ভবন থেকে বের করে গাড়িতে তোলা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা তাঁর সরকারি গাড়িতে ভাঙচুর চালায়।

এ বিষয়ে ইউএনও বলেন, সেখানে আগে থেকেই মব সৃষ্টির প্রস্তুতি ছিল। সেখানে আমার গাড়িটি ভাঙচুর হয়েছে। জড়িত ব্যক্তির পরিচয় পাওয়া গিয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।