ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয় পেয়েছে বিএনপি প্যানেল। আর জামায়াত প্যানেল বিজয়ী হয়েছে ৪টি পদে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ফল ঘোষণা করেন আইনজীবী সমিতির সদ্য সাবেক সভাপতি নুরুল আমিন খান ও সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন মানিক।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিএনপি সমর্থিত আইনজীবী কল্যাণ পরিষদ প্যানেল থেকে সভাপতি পদে ফরিদ উদ্দিন খান নয়ন ও সাধারণ সম্পাদক পদে হাছান মাহমুদসহ ১০ জন নির্বাচিত হন। এ প্যানেল থেকে সহসভাপতি পদে মুহাম্মদ শহিদুল ইসলাম ও মো. সামছু উদ্দিন মানিক, অডিটর পদে হুমায়ুন কবীর বাদল, লাইব্রেরি সম্পাদক পদে ইয়াসীন আরাফাত তারেক ও চারটি সদস্য পদে নির্বাচিত হন আবদুল্লাহ আল মামুন জুয়েল, মো. মনির উদ্দিন সোহাগ, আরিফুল ইসলাম এবং মো. আবদুর রহিম সুজন।
আর জামায়াত সমর্থিত আইনজীবী সম্প্রীতি পরিষদ প্যানেল থেকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন বিন ওয়াদুদ, অর্থ সম্পাদক পদে মাহমুদুল হাসান এবং দুটি সদস্য পদে নির্বাচিত হন শাহীদুল হক ও নাঈম উদ্দিন নির্বাচিত হন। আর যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান।
এর আগে, উৎসবমুখর পরিবেশে সমিতি ভবনে সোমবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এবার ৩৪৬ জন আইনজীবীর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩২৬ জন। এক বছর মেয়াদের কমিটিতে ১৫ পদের বিপরীত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩২ জন প্রার্থী। প্রতিষ্ঠার পর থেকে প্রথমবারের মতো পৃথক প্যানেলে নির্বাচনে অংশ নেয় বিএনপি ও জামায়াত।
এ বিষয়ে ফেনী পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভুইঁয়া জানান, সম্পূর্ণ উৎসবমুখর পরিবেশে আইনজীবীরা এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারই বিএনপি-জামায়াত আলাদা প্যানেলে নির্বাচন করেছেন। গত ১৭ জানুয়ারি ভোটের তারিখ নির্ধারণ থাকলেও সংসদ নির্বাচনের কারণে ইসির নির্দেশনায় স্থগিত হয়ে যায়।