অন্তর্বর্তী সরকারের মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগে কোনো দুর্নীতি হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে এসব নিয়োগ দেওয়া হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে বিরল।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরে ‘হল অব ইন্টিগ্রিটি’তে পুলিশ অধিদফতর আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, এসব নিয়োগের ক্ষেত্রে তার দফতর থেকে কোনো তদবির করা হয়নি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়নি। এসব নিয়োগের ক্ষেত্রে অন্তত আমার দফতর থেকে কোনো ধরনের তদবির করা হয়নি তা হলফ করে বলতে পারি।
২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ যে অবস্থায় নিপতিত হয়েছিল, তা থেকে বেরিয়ে এসে আজ পুলিশের অবস্থান যথেষ্ট সম্মানজনক পর্যায়ে উন্নীত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পুলিশের এ সম্মানজনক অবস্থানকে আরো উন্নীত করতে সচেষ্ট হওয়ার জন্য উপস্থিত পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা।
তিনি আরও জানান, গতকাল অনুষ্ঠিত বিশেষ কেবিনেট বৈঠকে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ভূমিকার অকুণ্ঠ প্রশংসা করেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র্যাবের (এসআইএফ) মহাপরিচালক একেএম শহিদুর রহমান প্রমুখ।