Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত এককভাবে ৬৮, এনসিপি ৬টি এবং বাংলাদেশ  খেলাফত মজলিস ২টি ও খেলাফত মজলিসের একটিসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। জোটের সূত্রমতে, দলীয় প্রধান হিসাবে জামায়াত আমির ডা. শফিকুর রহমান সংসদীয় দলের নেতা হবেন-এটা নিশ্চিত।

অন্যদিকে বিরোধীদলীয় উপনেতা হতে পারেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে এটা জামায়াত এবং ১১ দলীয় ঐক্যের সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এখন পর্যন্ত এ ধরনের কোনো বৈঠক হয়নি বলে জানান জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মাসুম।

 

সূত্রমতে, বিরোধীদলীয় উপনেতা কে হবেন তা নিয়ে রয়েছে ৪ জনের নাম। এর মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নাম রয়েছে সবার আগে। জুলাইয়ের সেনাপতি হিসাবে তাকেই পছন্দ করা হচ্ছে বেশি।

যদি জামায়াতে ইসলামী থেকে উপনেতা করা হয় সেক্ষেত্রে দলের তিনজন নায়েবে আমিরের নাম এসেছে। 

 

তারা হলেন, অধ্যাপক মুজিবুর রহমান, এটিএম আজহারুল ইসলাম এবং ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তাদের মধ্যে অধ্যাপক মুজিবুর রহমানের সম্ভাবনা বেশি বলে জানা গেছে।

জামায়াত নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মাসুম বলেন, সংসদের এসব পদ নিয়ে দলের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

তাছাড়াও ১১ দলীয় জোট টিকিয়ে রাখার স্বার্থে শরিকদের জন্যও ছাড় দিতে হবে।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী এবারের নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ৬৮টি আসনে বিজয়ী হয়েছে। প্রাপ্ত আসন এবং ভোটের এই হিসাবে দলটি সংসদে সংরক্ষিত নারী আসনে আরো ১৩টি এবং সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষে ২৭টি আসন পেতে পারে। সবমিলিয়ে ২০০৮ সালে মাত্র ২টি আসন পাওয়া দলটি এবার সংসদে শক্তিশালী বিরোধী দল হতে যাচ্ছে।