Image description

জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সব কমিটি প্রকাশের দাবি জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, বাংলাদেশে আর কোনো গুপ্ত রাজনীতি চলবে না। জামায়াত ইসলাম এবং ছাত্রশিবিরের সবগুলো কমিটি প্রকাশ করতে হবে।

 

শনিবার রাতে এক পোস্টে ছাত্রদল সভাপতি এ কথা বলেন।

তিনি লেখেন, ‘বাংলাদেশে আর কোনো গুপ্ত রাজনীতি চলবে না। জামায়াত ইসলাম এবং ছাত্রশিবিরের সবগুলো কমিটি প্রকাশ করতে হবে। আমরা দেখতে চাই, তাদের কয়েক লক্ষ নেতা-কর্মীদের কেউ কখনো পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত সমস্যামুক্ত কি না, তাদের বর্ণনা অনুযায়ী তারা কি ভিন্ন গ্রহের ফেরেশতা কি না, তা যাচাইবাছাই করার সময় এসেছে।’

বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের লক্ষ লক্ষ নেতাকর্মীই শুধু নয়, সমর্থকও যদি বাংলাদেশের বাস্তবতার নিরিখে ব্যক্তিগত, পারিবারিক,সামাজিক নানাবিধ অরাজনৈতিক কোনো সমস্যায় জর্জরিত হয়, সেটা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে মব করা হয়, শীর্ষ নেতৃবৃন্দের নামে নোংরা ও অশালীন স্লোগান দেওয়া হয়, সোশ্যাল মিডিয়ায় একের পর এক গুজব ছড়ানো হয়, সাথে সাথে সত্য মিথ্যার মিশ্রণে ফটোকার্ড তৈরি করে পুরো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের অপকর্ম শিবির সরাসরি ফেস না করে শিবিরের বি টিম এবং সি টিমকে কাজে লাগায়।

 

 

অপর পক্ষে, জামায়াত ইসলাম ও ছাত্রশিবির তাদের সমর্থক তো দূরের কথা, তাদের কয়েক লক্ষ একনিষ্ঠ নেতা-কর্মীর পরিচয় যুগের পর যুগ অপ্রকাশিত ও গুপ্ত রেখে তাদের পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত ইত্যাদি রাজনৈতিক ও অরাজনৈতিক সমস্যায় জর্জরিত হলেও দলীয়ভাবে তার দায় নিতে হচ্ছে না। এ ধরনের ইহুদি স্টাইলের অপকৌশলের রাজনীতি করে বিধায় জামায়াত-শিবিরকে আমরা এবং আলেম সমাজ মোনাফেক হিসেবে আখ্যায়িত করে।

এ অবস্থা আর চলতে দেওয়া হবে না। লক্ষ লক্ষ নেতাকর্মীকে গুপ্ত রেখে বিএনপিকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার এ অপকৌশলের রাজনীতি আর চলতে দেওয়া হবে না। অচিরেই বিষয়টি রাজনৈতিকভাবে সুরাহা করা হবে।’