ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি। নির্বাচনে বিজয়ী দল এখন সরকার গঠন করবেন। এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন সরকার গঠনের প্রস্তুতিও নিয়ে রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৫০টি গাড়িও। মন্ত্রিপরিষদ বিভাগ ও বঙ্গভবন নতুন মন্ত্রিসভার শপথ এবং মন্ত্রিসভা গঠন নিয়ে আনুষঙ্গিক কাজ শেষ করে রাখা হয়েছে বলে মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে।
তবে, নবনির্বাচিত সরকারের মন্ত্রিসভার সদস্যরা কবে শপথ নেবেন সে বিষয়ে নির্দিষ্ট করে জানা যায়নি এখনো। নতুন মন্ত্রিসভা কতো সদস্যবিশিষ্ট হবে সেটা নির্ধারণ করবে নির্বাচনে বিজয়ী দল। তবে বিগত সরকারগুলোর মতো মন্ত্রিসভার আকার ধরে প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা। শপথ নেবেন মন্ত্রিসভার সদস্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা। রীতি অনুযায়ী মন্ত্রিসভার শপথ হয় বঙ্গভবনে।
এরই মধ্যে শপথের জন্য প্রস্তুতি শুরু করেছে বঙ্গভবন কর্তৃপক্ষ। শপথ অনুষ্ঠানের জন্য ফোল্ডার তৈরি, সম্ভাব্য আমন্ত্রিত অতিথিদের তালিকার বিষয়েও কাজ এগিয়ে রাখা হয়েছে বলে মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে। নতুন মন্ত্রিসভার সদস্যদের গাড়ি প্রস্তুতের কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি যানবাহন অধিদপ্তর (পরিবহন পুল)। নিয়ম অনুযায়ী প্রথমে শপথ নেন নতুন নির্বাচিত সংসদ সদস্যরা। এরপর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়। এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথের মাধ্যমে গঠিত হয় নতুন সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। পরিবহন পুলের এক কর্মকর্তা বলেন, আমাদের কাছে যে গাড়ি আছে সেগুলো এবং বর্তমান উপদেষ্টাদের কাছে থাকা গাড়িগুলো নিয়ে নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি। কতোটি গাড়ি লাগবে সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। আমাদের কাছে থাকা গাড়ি এবং উপদেষ্টাদের গাড়ি মিলিয়ে অর্ধশত গাড়ির প্রস্তুতি আমরা রাখছি।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, নতুন মন্ত্রিসভার জন্য কতোটি গাড়ি লাগবে সেটি চূড়ান্ত করবে নির্বাচনে বিজয়ী দল, যারা সরকার গঠন করবে। এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের (প্রশাসন অনুবিভাগের) অতিরিক্ত সচিব মো. রাহেদ হোসেন মানবজমিনকে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমাদের কাছে ৫০টি গাড়ি চাওয়া হয়েছে। সেই হিসাবে আমরা ৫০টি গাড়ি প্রস্তুতি রেখেছি।