Image description

জামায়াতে ইসলামী ইতিহাসের একটি দুঃখী দল বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই দলটি তার জন্মের পর থেকে বারবার নিষিদ্ধ হয়েছে। নিষিদ্ধের পরে দলটি থেমে থাকেনি।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

 

ডা. শফিকুর রহমান বলেন, গোড়াতেই যারা এ দলের হাল ধরেছিলেন, এখন তারা কেউ বেঁচে নেই। কিছু নেতা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। আর কিছু নেতা জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আজকের এই আবেগঘন মুহূর্তে তাদের সবাইকে হৃদয়ের সবটুকু উজাড় করে স্মরণ করছি। তাদের রক্ত আর অসংখ্য মজলুমের চোখের পানি আজকের এই জায়গায় নিয়ে এসেছে।

 

৪৭-এ যারা আজাদির জন্য লড়াই করে আজাদি এনেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানান জামায়াত আমির।

 

তিনি বলেন, আমি নিতান্তই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি যারা ৪৭-এ আজাদির জন্য লড়াই করেছিলেন এবং আমাদের আজাদি এনেছেন। এ পর্যন্ত যারা জীবনবাজি রেখে লড়াই করেছেন এবং শাহাদাতবরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা। মুক্তিযুদ্ধের সময় যারা লড়েছেন, তাদের কেউ কেউ বেঁচে আছেন, আমার পাশে একজন বীর মুক্তিযোদ্ধা আছেন। তাদের মধ্যেও ওই লড়াকু সৈনিকরা খুব বেশি বেঁচে নেই। যারা শাহাদাতবরণ করেছেন তাদের আল্লাহ উত্তম প্রতিদান দেন। জীবিতরা যেন দেশের জন্য প্রাণ উজাড় করে কাজ করতে পারেন, সে তাওফিক দান করুন আল্লাহ।

 

ডা. শফিকুর রহমান বলেন, সারা দেশে নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। আমাদের ধারণা, রাত ১১টা পর্যন্ত এটা একটা সেপ নিতে পারে। এখনই অগ্রীম কিছু বলা আমাদের জন্য সমীচীন নয়।

 

সাংবাদিকদের উদ্দেশে জামায়াত আমির বলেন, আল্লাহর রহমতে যদি জাতির কোনো গুরুভার আমাদের ওপর আসে, তাহলে আপনাদের আমার বড় প্রয়োজন। আপনারা যদি আমাদের সাহায্য করেন, তাহলে এই দেশ-জাতির জন্য আমরা ভালো কিছু করতে পারব। আমাদের ইতিবাচক কাজও তুলে ধরবেন। ভুল হলে আমাদের ছাড়বেন না।

 

১১ দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে আছেন জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, এ পর্যন্ত যেসব ফলাফল এসেছে, বেশিরভাগ জায়গায় দেখা গেছে, ১১ দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে আছেন। তবে এটাকে এখনই নিশ্চিয়তা বিধান করার মতো অবস্থা আসেনি। আমাদের অপেক্ষা করতে হবে।