Image description

জামায়াত আমির ডা. শফিকুর রহমান ভোটের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য দলীয় নেতা–কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জনগণের দেওয়া ভোট যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফাউড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে ডা. শফিকুর রহমান দাবি করেন, ভোটের আগের দিন থেকেই তাঁদের নেতা–কর্মীরা ‘গুজব’ ও ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা প্রতিরোধ করেছেন। ভোটের দিন সকালে উৎসবমুখর পরিবেশে মানুষ ইনসাফ প্রতিষ্ঠার প্রত্যাশায় ভোট দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

তবে দেশের বিভিন্ন স্থানে জাল ভোট দেওয়ার চেষ্টা, পোলিং এজেন্টদের ওপর হামলা, নারী ভোটারদের হেনস্তা এবং কেন্দ্র দখলের অপচেষ্টার অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তাঁর ভাষ্য, কিছু জায়গায় ব্যালট ছিনতাইয়ের ষড়যন্ত্র চলছে।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যেভাবে এখন পর্যন্ত ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা প্রতিরোধ করা হয়েছে, ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত একইভাবে সতর্ক থাকতে হবে। তিনি ভোটকেন্দ্রগুলোতে নজরদারি জোরদার করার আহ্বান জানান।

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে তারা আন্তরিকতার পরিচয় দিয়েছেন। তবে বর্তমান পরিস্থিতিতে আরও দ্রুত ও কঠোর পদক্ষেপ প্রয়োজন। তিনি কেন্দ্র দখল ও ব্যালট ছিনতাইয়ের যেকোনো ষড়যন্ত্র কঠোরভাবে দমনের আহ্বান জানান এবং জনগণের ভোটকে ‘আমানত’ হিসেবে রক্ষা করার কথা বলেন।