Image description

আহা! এমন যদি আগে হতো, তাহলে এ রকম আরও দুইবার ভোট দিতে পারতাম। একদম নির্বিঘ্নে, নিরাপদে কোনো প্রকার ঝামেলা ছাড়াই ভোট দিলাম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা কলেজ কেন্দ্রে জীবনে প্রথমবার ভোট দিয়ে এমন অভিব্যক্তি প্রকাশ করেন তরুণ ভোটার আলেয়া ইসলাম।

উৎসবমুখর পরিবেশে এই কেন্দ্রসহ ঢাকা-১০ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

সকালে সরেজমিনে কাঠালবাগান এলাকার খান হাসান আলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুক্রাবাদের নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়, সাতমসজিদ রোডের কাকলী হাইস্কুল অ্যান্ড কলেজ, সিটি কলেজ, ঢাকা কলেজ, নিউ মার্কেট এলাকার আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় নিউ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটারদের দীর্ঘ লাইন। উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিচ্ছেন। প্রত্যেক কেন্দ্রের প্রবেশপথে বডি-ওয়ার্ন ক্যামেরা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে।

খান হাসান আলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ষাটোর্ধ্ব ভোটার আলী করিম সেনাবাহিনীর প্রশংসা করে বলেন, এমন নিরাপত্তায় ঈদের আমেজে ভোট দিচ্ছি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-১০ আসনটি ১৮৩ নম্বর আসন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ২২ এবং ৫৫ নম্বর ওয়ার্ডের সমন্বয়ে গঠিত।

এই আসনে মোট ভোটার ৩ লাখ ৮৮ হাজার ৬৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪ হাজার ৬০৪ জন, নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৫০ জন এবং তৃতীয় লিঙ্গের ৬ জন ভোটার রয়েছেন।

এই আসনের প্রার্থীরা হলেন-বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শেখ রবিউল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মো. জসীম উদ্দীন সরকার, বাংলাদেশ লেবার পার্টি আবুল কালাম আজাদ, আমজনতার দল আব্দুল্লাহ আল হুসাইন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নাসরীন সুলতানা, জাতীয় পার্টি বহ্নি বেপারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মো. আ. আউয়াল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মো. আনিছুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) মো. আবু হানিফ হৃদয় এবং জনতার দল মো. জাকির হোসেন।