Image description

অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। শুরু হলো নতুন বাংলাদেশের নতুন পথচলা। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে দেশজুড়ে একযোগে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঐতিহাসিক ভোটগ্রহণ। বেশিরভাগ কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর বেশ আগেই ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়।

চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী এই নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামীর নেতৃত্ব বেছে নিতে মুখিয়ে আছেন প্রায় পৌণে ১৩ কোটিরও বেশি ভোটার। কড়া নিরাপত্তার চাদরে ঢাকা ২৯৯টি সংসদীয় আসনে আজ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে এই ব্যালট বিপ্লব। আজকের ভোট কেবল প্রতিনিধি নির্বাচনের নয়, বরং দীর্ঘ দেড় দশক পর সাধারণ মানুষের হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। একইসঙ্গে সংবিধান সংস্কারের প্রশ্নে ‘হ্যাঁ’-‘না’ গণভোটেও অংশ নিচ্ছেন ভোটাররা।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখের বেশি এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন।

ভোটের পরিবেশ শান্ত রাখতে ইতোমধ্যে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন। ইসির তথ্যমতে, ৯ লাখের বেশি নিরাপত্তা সদস্য এবং আট লাখ নির্বাচনি কর্মকর্তা এবারের বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করবেন। এ ছাড়া ৩৫ হাজার দেশীয় ও সাড়ে ৩০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে, যেখানে মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ৩১ জন। এর মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী। সবচেয়ে বেশি ২৯১ জন প্রার্থী দিয়েছে বিএনপি এবং ২২৭ আসনে লড়ছে জামায়াতে ইসলামী।