Image description

সব ভেদাভেদ ভুলে একসঙ্গে দেশ পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু ভোটাধিকার প্রতিষ্ঠার নির্বাচন নয়, এটি হবে দেশ গঠনের নির্বাচন।

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-৯ আওতাধীন বাসাবো তরুণ সংঘ মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সভায় তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে বিএনপি বিজয়ী হলে ১৩ তারিখ থেকেই ঢাকা-৯ আসনের উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে। এ সময় তিনি এলাকার খেলাধুলার সুযোগ বাড়াতে মাঠ নির্মাণ, স্বাস্থ্যসেবার জন্য হাসপাতালের বন্দোবস্ত, রাস্তাঘাট নির্মাণ এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন।

 

তিনি বলেন, এলাকায় বিদ্যমান বাঁশের সেতুগুলো পর্যায়ক্রমে পাকা সেতুতে রূপান্তর করা হবে, যাতে সাধারণ মানুষের চলাচল সহজ ও নিরাপদ হয়।

 

দুর্নীতির প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠন করেছিলেন এবং প্রতিষ্ঠানটিকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছিলেন।’ পূর্ব এই অভিজ্ঞতার কারণেই দেশে প্রকৃতভাবে দুর্নীতি দমন করতে সক্ষম দল একমাত্র বিএনপি।

 

বক্তব্যে তারেক রহমান বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব, উন্নয়নমূলক চিন্তাভাবনা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার দৃঢ় অবস্থানের কথাও তুলে ধরেন। তিনি বলেন, যদি অন্য দেশগুলো তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে, তাহলে সবাইকে নিয়ে আমরা কেন পারব না?

 

সভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশে তিনি আবারও ঐক্যের ডাক দিয়ে বলেন, দেশ গঠনের জন্য এখন কাজই একমাত্র পথ।