ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন উড়াবে র্যাব, বিজিবি ও সশস্ত্র বাহিনী। রবিবার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখা) সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বিজিবি ও বিমান বাহিনী ড্রোন মোতায়েন করবে এবং সেই ড্রোনের লাইভ ভিডিও নির্বাচন কমিশনকে সরবরাহ করবে।
কেন ড্রোন মোতায়েন করা হবে জানিয়ে একটি প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। স্বল্প সময়ের মধ্যে মাঠপর্যায়ের বাস্তব অবস্থা জানা, সার্বিক পরিস্থিতি নজরদারি, দ্রুত ও যথাযথ সিদ্ধান্ত গ্রহণের জন্য ড্রোনের মাধ্যমে নজরদারি অত্যন্ত কার্যকর।
তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিভিন্ন বাহিনী, সংস্থা ও বিভাগ যৌথভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। একই সঙ্গে, ড্রোন থেকে প্রাপ্ত লাইভ ভিডিও ফিড নির্বাচন কমিশন সচিবালয়ের আইনশৃঙ্খলা সমন্বয় সেলে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রজ্ঞাপনে বলা হয়েছে।