Image description

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে পুরনো দিনের ভূত আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। একসময় দেশের রাজনীতিতে সন্ত্রাস ও গুণ্ডামির ভূত এবং লুটপাট, চাঁদাবাজি ও দুর্নীতির ভূত ছিল, এখন সেই চক্র আবার ক্ষমতায় ফেরার পাঁয়তারা করছে।’

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।

মামুনুল হক বলেন, ‘দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, শিল্পোদ্যোক্তা ও প্রবাসীদের সম্মিলিত পরিশ্রমে অর্থনীতির চাকা সচল থাকলেও দুর্নীতিবাজ রাজনীতিকদের কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের অর্থনৈতিক কাঠামোয় গুণগত পরিবর্তন হয়নি। আগে বিদেশি শাসকরা এ দেশের সম্পদ লুটে নিজেদের দেশে নিয়ে যেত, এখন দেশীয় শাসকরা সেই সম্পদ বিদেশে পাচার করে। এ থেকে দেশ রক্ষায় ইসলামী নেতৃত্বের সরকার দরকার।

তিনি বলেন, ‘দেশের মানুষ আর দুর্নীতিবাজ ও লুটেরা গোষ্ঠীকে ক্ষমতায় দেখতে চায় না।’ এ প্রেক্ষাপটে ১১টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত নির্বাচনী ঐক্যের পক্ষে ভোট চান মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।’ তার ভাষায়, শাসকের চেহারা, ধর্ম, জাত বদলেছে, কিন্তু শোষণের চরিত্র বদলায়নি।

 

বাংলাদেশ খেলাফত মজলিসের ডুমুরিয়া উপজেলা সভাপতি মুফতি আব্দুল কাইউম জোয়াদ্দারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার এবং বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান মাদানী।

এতে বক্তৃতা করেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, ডাকসুর নির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা, খুলনা জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা সাইদুর রহমান, জেলা নির্বাহী সদস্য মাওলানা শরিফুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান, ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মুখতার হোসাইন, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি ডা. হরিদাস মন্ডল, ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর একরাম উদ্দিন সুমন, এবি পার্টির সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন প্রমুখ।

কালের কণ্ঠ