আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী বিন ইয়ামিন মোল্লা নিজের প্রার্থীতা প্রত্যাহার করতে যাচ্ছেন। একইসঙ্গে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে সমর্থন জানিয়েছেন তিনি।
রোববার (৮ ফেব্রুয়ারি) কুড়িগ্রামে এক জনসভায় বিন ইয়ামিন মোল্লার পক্ষে এই ঘোষণা দেন জেলা জামায়াতের সাবেক আমির মো. আব্দুল মতিন ফারুকী।
এ সময় ১১ দলীয় জোটের সমর্থকদের মাঝে ব্যাপক উচ্ছাস লক্ষ্য করা যায়। সবাই স্লোগান ও করতালির মাধ্যমে বিন ইয়ামিন মোল্লাকে স্বাগত জানান।
অধিকার পরিষদের প্রার্থী হিসেবে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী–ভুরুঙ্গামারী) আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল বিন ইয়ামিন মোল্লার। তিনি দীর্ঘদিন ধরে নিজ এলাকায় সক্রিয় ছিলেন এবং স্থানীয় মানুষ তাকে ভালোভাবেই চিনতেন।
বিন ইয়ামিন মোল্লা সম্প্রতি ডাকসুতে ভিপি পদে ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং ভিপি নূরের গড়া সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, এ ধরণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত কুড়িগ্রাম-১ আসনে ভোটারদের মনোভাবকে আরও প্রভাবিত করতে পারে।
তবে বিষয়টি নিয়ে এখনও দল বা সংশ্লিষ্ট প্রার্থীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।