মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় একসঙ্গে তিন বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার যশলং এলাকার সিপাহিপাড়া-দিঘীরপাড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন- তুর্জয় মাঝি (২৮), হোসাইন মোহাম্মদ সাকিব (২৭) ও মো. সানিয়াত (২৯)। তাদের সবার বাড়ি টঙ্গিবাড়ী উপজেলার সোনারং টঙ্গিবাড়ী ইউনিয়নে।
স্থানীয়রা জানায়, ওই তিন বন্ধু মোটরসাইকেলে করে দিঘীরপাড়ের দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি রাত ১০টার দিকে সিপাহিপাড়া-দিঘীরপাড় সড়কের যশলং এলাকায় এলে নিয়ন্ত্রণ হারায়। সে সময় মোটরসাইকেলটি সড়কের পাশের আমগাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে হোসাইন মোহাম্মদ সাকিব ও মো. সানিয়াত মারা যান। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে তুর্জয় মাঝি মারা যান।
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।