প্রশাসন যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার কথা বলেছে সেটি বাস্তবায়নে আন্তরিকতার ঘাটতি আছে বলে মন্তব্য করেছেন ফেনী-২ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবি (আসার বাংলাদেশ) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মঞ্জু বলেন, গতকাল বেশকিছু স্থানে আমাদের নির্বাচনি অফিস রাতে ভাঙচুর করা হয়েছে। ব্যানার ছিঁড়ে ও বিলবোর্ড নামিয়ে ফেলা হয়েছে। বিভিন্ন জায়গায় হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। মোটবীর ইজ্জতপুরে নির্বাচনি অফিস ভাঙচুর করা হয়েছে। বিষয়গুলো আমরা পুলিশ সুপারকে অবহিত করেছি।
তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। বিএনপির ব্যানার, ফেস্টুন থাকলেও সেগুলোর বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের লোভ দেখাচ্ছে। তাদের ব্যানার থাকলেও প্রশাসন তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। তাদের ক্যারাভান চললেও আমাদের জরিমানা করা হয়েছে, অভিযোগ দেওয়ার পর টাকা ফেরত দিলেও বিএনপির ক্যারাভানের কথা জানানোর পর আমাদেরও অনুমতি দিয়েছে। টাকা ফেরত পেলেও এতে আমি আর্থিক এবং সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। সুনাম ক্ষুন্ন হয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার ব্যাপারে প্রশাসনের অনেক ঘাটতি দেখতে পাচ্ছি।
এবি পার্টির চেয়ারম্যান বলেন, বিএনপি এসব কেনো করছে সেটা তাদের কেন্দ্রীয় নির্দেশনা কিনা জানি না। প্রশাসনের কাছে সুবিচার না পেলেও ভোটের মাঠে সেটির সুবিচার পাব। জনগণ প্রমাণ দেবে ব্যালটে। বালিগাও, কাজিরবাগ, মোটবীতে আমাদের ব্যানার ছিঁড়ে ফেলছে, ভাঙচুর করা হচ্ছে। আমরা এসব থেকে প্রতিকার চাই। প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে, আমরা ধৈর্য ধরে আছি।
এর আগে সকালে সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোর বাজার, কে এম হাট বাজারে নির্বাচনি গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্য মঞ্জু বলেন, দেশের মানুষ ৫৫ বছর ধরে রাজনীতির কোনো পরিবর্তন দেখেনি। সরকার আসে সরকার যায়,কিন্তু আমাদের দুঃখ দূর হয় না। এখনও আমাদের চাঁদাবাজি চলে, সীমান্ত দিয়ে অবাধে মাদক আসে।
এ সময় তিনি দেশের পরিবর্তনের জন্য ঈগল প্রতীকে ভোট এবং গণভোটে হ্যাঁ দেওয়ার আহ্বান জানান।
পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক আনম আবদুর রহিম, এবি পার্টি ফেনী জেলা সদস্য সচিব ফজলুল হক প্রমুখ।
গণসংযোগে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, দক্ষিণাঞ্চলের সংগঠক আজিজুর রহমান রিজভী, জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, উপজেলা জামায়াতের সেক্রেটারি শিহাব উদ্দিন ও শহর ছাত্রশিবির সেক্রেটারি শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।