জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, একই সঙ্গে এগিয়ে আসছে ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিদায় নেওয়ার সময়। আন্তর্জাতিক সংকট বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি) গ্রুপ মনে করছে, ভোটের ফল নিয়ে বিরোধ দেখা দিলে, তা সামাল দেওয়া এ সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ক্রাইসিস গ্রুপের এক বিশ্লেষণে এমন আশঙ্কা প্রকাশ করা হয়।
বিশ্লেষণে বলা হয়, সাম্প্রতিক জনমত জরিপগুলোতে জামায়াতের চেয়ে বিএনপি সামান্য ব্যবধানে এগিয়ে আছে বলে দেখা যাচ্ছে। জামায়াত তাদের আগের যেকোনো সময়ের তুলনায় ভালো ফল করার পথে রয়েছে।
কিন্তু সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে নিরাপত্তা নিয়ে। যেখানে ইতোমধ্যে রাজনৈতিক সহিংসতা বাড়ছে বলে উল্লেখ করা হয়। এছাড়া নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে কমপক্ষে ১৬ জন রাজনীতিক নিহত হয়েছেন। একই সঙ্গে প্রার্থী থেকে শুরু করে আওয়ামী লীগ সমর্থক ও সংখ্যালঘুদের ওপর প্রতিহিংসামূলক হামলার ঘটনাও ঘটছে।
এর মধ্যে সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক দেখা দিলে তা রাজনৈতিক সংকটে রূপ নিতে পারে। যা ইউনূস সরকারকে কঠিন পরীক্ষার মুখে ফেলবে।
এমনকি ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও পরবর্তী সরকারকে ‘জুলাই সনদ’ থেকে শুরু করে বিভিন্ন সংস্কার বাস্তবায়নে প্রবল চাপের মুখে পড়তে হবে। অন্যথায়, প্রতিশ্রুত রাজনৈতিক পরিবর্তনটি মূলত লোক দেখানো ছিল বলে যে ধারণা রয়েছে তা আরও বদ্ধমূল হওয়ার ঝুঁকি তৈরি হবে বলে বিশ্লেষণে আশঙ্কা কথা উল্লেখ করা হয়েছে।