সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন অবস্থায় শাহেদ নামের নিষিদ্ধ এক যুবলীগ নেতা পালিয়ে গেছেন।
রোববার (২৯ নভেম্বর) সকালে দায়িত্বরত পুলিশ সদস্যদের নজর এড়িয়ে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৮ নভেম্বর) সিলেট নগরীতে যুবদলের নেতাকর্মীরা যুবলীগ নেতা শাহেদকে আটক করেন। এ সময় বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন। পরে আটককারীরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।
আহত অবস্থায় পুলিশ তাকে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে সার্বক্ষণিক পুলিশি পাহারায় তার চিকিৎসা চলছিল। কিন্তু রোববার সকালে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান।
কঠোর নিরাপত্তার মধ্যেও একজন আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বরত পুলিশ সদস্যদের দায়িত্ববোধ ও নজরদারি নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।