আওয়ামী লীগের কথিত 'ঢাকা লকডাউন' কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল ও মাদারীপুর অংশে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
রোববার সকাল থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটে বাস চলাচল সীমিত ছিল। তবে মাহিন্দ্রা, টেম্পু, অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।
এদিকে কর্মসূচি সফল করতে রোববার ভোররাতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় এবং উজিরপুর ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী এলাকার মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। একই সময়ে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকাতেও সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোর থেকেই রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন অবরোধকারীরা। এ সময় সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন তারা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং আটকা পড়েন দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা।
এদিকে গৌরনদী উপজেলা ছাত্রদল নেতা আলামিন সুমনের ফেসবুক লাইভ থেকে জানা গেছে, তার বোন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বোনের গুরুতর অসুস্থতার খবর পেয়ে তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মোটরসাইকেলযোগে হাসপাতালের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে বাবুগঞ্জের রামপট্টি এলাকায় পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বাধার মুখে পড়েন তিনি। এ সময় তার ওপর হামলার অভিযোগ করেন আলামিন সুমন। একপর্যায়ে জীবন রক্ষার্থে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে ফেসবুক লাইভে জানান তিনি।
অন্যদিকে, একই রাতে উজিরপুর ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী এলাকায়ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন বলে জানা গেছে। এছাড়া একই রাতে উজিরপুরের সাতলায় সাবেক চেয়ারম্যান শাহীন হাওলাদারের নেতৃত্বে মশাল মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কয়েক শতাধিক নেতাকর্মী এ মশাল মিছিলে অংশ নেন বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, ভোরে অবরোধ চলাকালে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা যায়নি। তবে সকাল থেকে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ করা যায়।
এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ব্যবস্থা নেওয়ায় যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়েছে।