Image description

বাংলাদেশের তৈরি পোশাকশিল্প থেকে বিপুল পরিমাণ ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার খবর নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ভারতের দিকে বাংলাদেশের পোশাকের অর্ডার স্থানান্তরের দাবি সামনে আসার পর প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক ক্রেতারা কি সত্যিই বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন? শ্রমিক অসন্তোষ ও উৎপাদন ব্যাহত হওয়ার কারণে কি ‘জারা’, ‘এইচঅ্যান্ডএম’সহ বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর ক্রয়াদেশ ভারতের কারখানায় চলে যাচ্ছে?

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের প্রথম ১৮ দিনে বাংলাদেশ থেকে ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের অর্ডার অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে। তিনজন পোশাক কারখানার মালিকের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এসব অর্ডারের বড় অংশ পেয়েছে ভারত। তবে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এবং খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীদের বক্তব্যে অর্ডার ভারতে যাওয়ার দাবির পুরোপুরি সত্যতা মেলেনি। তাদের মতে, কিছু অর্ডার কমেছে বা অন্য দেশে স্থানান্তরিত হয়ে থাকতে পারে। কিন্তু সেগুলোর কতটা ভারতে গেছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য নেই।

যদিও কয়েকজন কারখানার মালিক জানিয়েছেন সময়মতো পণ্য সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বাংলাদেশের পরিবর্তে ভারতসহ বিকল্প দেশগুলো থেকে পোশাক কেনার দিকে ঝুঁকছেন বড় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো।

তবে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাংলা ট্রিবিউনকে বলেন, বাংলাদেশের পোশাকের বেশিরভাগ অর্ডার ভারতে চলে গেছে; এমন দাবি করার সুযোগ নেই। এখন পর্যন্ত কোনও ক্রেতা বিজিএমইএ বা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জানাননি যে তারা বাংলাদেশ থেকে অর্ডার সরিয়ে ভারতে নিয়েছেন। কোনও ব্যবসায়ীর কাছে ক্রেতারা এই ধরনের তথ্য দিয়েছেন, সংগঠনের কাছে এমন কোনও তথ্যও নেই।

তিনি বলেন, ‘অস্থিতিশীল পরিস্থিতির কারণে সাময়িকভাবে কিছু কারখানার অর্ডার কমেছে। তবে সেগুলো কোন দেশে গেছে, তা নিশ্চিত করে বলার সুযোগ নেই। অস্থিতিশীল পরিস্থিতিতে ক্রেতাদের সঙ্গে সম্পর্কের অবনতি এড়াতে কারখানার মালিকদের সঙ্গে আলোচনা করেই অর্ডারের পরিমাণ কিছুটা কমানো হয়েছে।’

মাহমুদ হাসান খান আরও বলেন, ‘কারখানার উৎপাদন সক্ষমতা বিবেচনা করেই অর্ডার নেওয়া হয়। সক্ষমতার চেয়ে বেশি অর্ডার নিয়ে সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে রফতানিকারকদের সুনাম ক্ষুণ্ন হয়। সাম্প্রতিক পরিস্থিতিতে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকায় কারখানাগুলো বায়ারদের সঙ্গে আলোচনা করে নিজেরাই কিছু অর্ডার কমিয়ে নিয়েছে।’ পরিস্থিতি স্বাভাবিক হলে সেসব অর্ডার আবার পাওয়ার আশা করছেন তারা।

যদিও বিজিএমইএ গত ২২ নভেম্বর প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ক্রেতারা ইতিমধ্যে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার অন্য দেশে ‘সরিয়ে নিয়েছে’।

২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার স্থানান্তরের হিসাব যেভাবে এলো

রয়টার্সের প্রতিবেদনে নভেম্বরের প্রথম ১৮ দিনে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার বাংলাদেশ থেকে অন্য দেশে চলে যাওয়ার কথা বলা হয়েছে। তবে এই পরিসংখ্যানের ভিত্তি খুঁজতে গিয়ে দেখা যায়, ২২ নভেম্বর, বিজিএমইএ একই অঙ্কের তথ্য প্রকাশ করেছিল। সংগঠনটির জরিপে ৩১৭টি কারখানার দেওয়া তথ্যের ভিত্তিতে বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে ওই পরিমাণ অর্ডার অন্য দেশে স্থানান্তরিত হয়েছে।

বিজিএমইএর বিজ্ঞপ্তিতে অর্ডার স্থানান্তরের কথা উল্লেখ থাকলেও কোন দেশে এসব ক্রয়াদেশ গেছে, তা বলা হয়নি। রয়টার্সের প্রতিবেদনে ভারতের নাম এসেছে উদ্ধৃত তিন কারখানার মালিকের বক্তব্যে। ফলে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার অন্য দেশে যাওয়ার দাবি থাকলেও তার বড় অংশ ভারতে গেছে; এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো প্রকাশ্য ও স্বাধীনভাবে যাচাই করা তথ্য নেই।

বিজিএমইএর হিসাবে, ওই ৩১৭টি কারখানায় শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন  ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২ কোটি ৮০ লাখ ডলার। একই সময়ে প্রায় ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের অর্ডার অন্য দেশে স্থানান্তরিত হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে। তবে জরিপে ক্ষতিগ্রস্ত সব কারখানা অন্তর্ভুক্ত না হওয়ায় প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে।

ভারতে অর্ডার যাওয়ার দাবি নিয়ে প্রশ্ন

বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বাংলা ট্রিবিউনকে বলেন, বাংলাদেশের পোশাকের অর্ডারের বেশিরভাগ ভারতে গেছে; এমন কথা বলার মতো কোনও নিশ্চিত তথ্য তার জানা নেই। কোনও দেশের কারখানা থেকে অন্য দেশে ক্রয়াদেশ স্থানান্তরিত হলে তার প্রকৃত চিত্র বুঝতে অন্তত এক থেকে দেড় মাস সময় লাগতে পারে। এখনই সুনির্দিষ্টভাবে অর্ডার ভারতে চলে গেছে বলে দাবি করা ঠিক নয়।

তার মতে, এ ধরনের তথ্য প্রচারের ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিকেএমইএর এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘ক্রেতারা হঠাৎ করে একটি দেশ থেকে অন্য দেশে বড় অঙ্কের অর্ডার স্থানান্তর করেন না। বিকল্প দেশে কারখানার উৎপাদন সক্ষমতা, পণ্যের মান, মূল্য ও সরবরাহের সময় বিবেচনা করতে হয়। বাংলাদেশের কারখানায় উৎপাদন বিঘ্নিত হলে বিকল্প হিসেবে ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো দেশও ক্রেতাদের বিবেচনায় থাকতে পারে।’

এ প্রসঙ্গে বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামিম এহসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাত্র ১৮ দিনে ২৫৪ মিলিয়ন ডলারের পোশাকের ক্রয়াদেশ গেছে ভারতে; এমন দাবি বিশ্বাসযোগ্য নয়। বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক ক্রেতাদের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। ৪০ বছর ধরে ক্রেতারা বাংলাদেশ থেকে পোশাক কিনছেন। মাত্র ১৮ দিনের অস্থিরতায় সেই দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট করে সব অর্ডার ভারতে চলে যাবে, এমনটি হওয়ার কথা নয়।’

তিনি বলেন, ‘দেশের সাম্প্রতিক সমস্যার বিষয়টি ক্রেতারাও জানেন। এ কারণে কিছু ক্রয়াদেশ কমেছে।’ তবে পরিস্থিতি স্বাভাবিক হলে এসব ক্রয়াদেশ আবার ফিরে আসবে বলে তিনি আশা করছেন। তবে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক এই কয়েক দিনের ঘটনায় কিছু ক্রয়াদেশ যদি অন্য দেশে স্থানান্তরিত হয়েও থাকে তবুও তা স্থায়ী হবে না বলে মনে করেন তিনি।

ফজলে শামিম এহসান আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে সরকার ও ব্যবসায়ীদের এখন থেকেই সতর্ক থাকতে হবে। যেকোনো সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। 

বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতা বাড়াচ্ছে ভিয়েতনাম-কম্বোডিয়া

বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের প্রতিযোগিতার চিত্রেও পরিবর্তন আসছে। আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) তথ্য অনুযায়ী, ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশের অংশ ৭ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৭৬ শতাংশ হয়েছে। একই সময়ে ভিয়েতনামের অংশ ৬ দশমিক ১৭ শতাংশ থেকে বেড়ে ৬ দশমিক ৫৩ শতাংশে দাঁড়িয়েছে। কম্বোডিয়ার বাজার হিস্যাও ২ শতাংশ ছাড়িয়েছে।

২০২৫ সালে ভিয়েতনামের পোশাক রফতানি ১০ দশমিক ৫৩ শতাংশ বেড়ে ৩৭ দশমিক ৫১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সময়ে কম্বোডিয়ার রফতানি বেড়েছে ১৬ দশমিক ৮৮ শতাংশ। দেশটির রফতানি আয় দাঁড়িয়েছে ১১ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে।

যুক্তরাষ্ট্রের বাজারেও প্রতিযোগিতার এই চিত্র দেখা যাচ্ছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে বাংলাদেশের পোশাক রফতানি ৪ দশমিক ৩ শতাংশ কমে ৬ দশমিক ১৩ বিলিয়ন ডলারে নেমেছে। একই সময়ে কম্বোডিয়ার রফতানি বেড়েছে ৬ দশমিক ৬৭ শতাংশ। বিপরীতে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পোশাক রফতানি ২৫ শতাংশের বেশি কমে ৩ দশমিক ০৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

অর্থাৎ বাংলাদেশের বাজার হিস্যা কমার বিপরীতে ভিয়েতনাম ও কম্বোডিয়া এগিয়ে যাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের রফতানি কমেছে। তবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে ভারতের অবস্থান শক্তিশালী হচ্ছে।

আগে থেকেই ইউরোপের বাজারে এগিয়ে যাচ্ছে ভারত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে ডেনিম পোশাক রফতানিতে বাংলাদেশ শীর্ষ অবস্থান ধরে রাখলেও রফতানি কমায় বাজার হিস্যা সংকুচিত হচ্ছে। বিপরীতে ভারতসহ প্রতিযোগী কয়েকটি দেশের রফতানি বাড়ছে দ্রুত গতিতে। বিশেষ করে আগস্টে ভারতের ডেনিম রফতানি বেড়েছে ৫২ শতাংশ, যেখানে বাংলাদেশের বেড়েছে ১২ দশমিক ৭১ শতাংশ।

ইইউর পরিসংখ্যান দফতর ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ ইইউতে ৮৭ কোটি ইউরোর ডেনিম পোশাক রফতানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় এই রফতানি ৫ দশমিক ৮৫ শতাংশ কম। ফলে ইইউর ডেনিম বাজারে বাংলাদেশের হিস্যা দাঁড়িয়েছে ২৯ দশমিক ৪০ শতাংশে।

অন্যদিকে একই সময়ে ভারত থেকে ডেনিম আমদানি বেড়েছে ১৮ দশমিক ৬২ শতাংশ। যদিও দেশটির রফতানির পরিমাণ বাংলাদেশের তুলনায় অনেক কম, তবে প্রবৃদ্ধির ধারায় এগিয়ে রয়েছে ভারত। চীনের রফতানি বেড়েছে ১৭ দশমিক ৭০ শতাংশ এবং মিসরের ৩১ দশমিক ৪৬ শতাংশ। সবচেয়ে বেশি ৪৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে ভিয়েতনামের।

ইইউর বাজারে বাংলাদেশের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। দেশটির রফতানি ৭ দশমিক ৮৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৩ কোটি ইউরোতে। তুরস্কের রফতানি কমেছে ২১ শতাংশ। অন্যদিকে চীন ও মিসর রফতানি বাড়িয়ে বাজারে নিজেদের অবস্থান শক্ত করছে। তবে আগস্টে বাংলাদেশের ডেনিম রফতানিতে কিছুটা ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা গেছে। ওই মাসে রফতানি বেড়েছে ১২ দশমিক ৭১ শতাংশ। একই সময়ে ভারতের রফতানি বেড়েছে ৫২ শতাংশ। ভিয়েতনাম ও মিসরের প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৫৬ ও প্রায় ৫৯ দশমিক ৫ শতাংশ।

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও সিইও মহিউদ্দিন রুবেল বলেন, ইইউর সঙ্গে ভিয়েতনামের মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে। ভারতও এ ধরনের চুক্তির প্রক্রিয়ায় রয়েছে। ফলে দেশ দুটি থেকে পোশাক কেনায় ক্রেতাদের আগ্রহ বাড়ছে। 

দাম কমাতে ভারতের উদাহরণ দিচ্ছে ক্রেতারা 

অবশ্য বাংলাদেশের গার্মেন্ট খাতের ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশ থেকে পোশাক কেনার ক্ষেত্রে দাম কমানোর চাপ বাড়ানোর অংশ হিসেবে ভারতের নাম জুড়ে দিচ্ছেন আন্তর্জাতিক ক্রেতারা। ক্রেতারা বলছেন, কম দামে ভারত পারলে বাংলাদেশ পারবে না কেন?

বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামিম এহসান বলেন, ক্রেতারা অনেক সময় পোশাকের দাম কমানোর জন্য ভারতের উদাহরণ দিচ্ছেন। কম দামে পণ্য পাওয়ার বিষয়টি সামনে এনে তারা ভারতের উদাহরণ দিয়ে বাংলাদেশের রফতানিকারকদের সঙ্গে দর-কষাকষি করছেন। 

ক্রেতাদের আস্থায় চাপ, দীর্ঘমেয়াদি ঝুঁকি

তবে অর্ডার ভারতের কারখানায় গেছে কি না, সেই বিতর্কের বাইরে বাংলাদেশের পোশাকশিল্পের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা। গত কয়েক সপ্তাহে সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। বিজিএমইএর তথ্য অনুযায়ী, ১৪ নভেম্বর এসব এলাকার ১৪৭টি কারখানায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল। এর মধ্যে ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করা হয়।

বাংলাদেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। ফলে এ খাতে উৎপাদন ও সরবরাহব্যবস্থায় দীর্ঘস্থায়ী বিঘ্ন তৈরি হলে তার প্রভাব পড়তে পারে দেশের সামগ্রিক রফতানি আয়ে।

শিল্পসংশ্লিষ্টরা বলছেন, গত আড়াই থেকে তিন বছরে বাংলাদেশে বারবার ব্যবসায়িক বিঘ্নের মুখে পড়তে হয়েছে আন্তর্জাতিক ক্রেতাদের। রাজনৈতিক অস্থিরতা, শ্রম অসন্তোষ এবং উৎপাদন ও সরবরাহে অনিশ্চয়তার কারণে তাদের আস্থায় চাপ তৈরি হয়েছে। 

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, আন্তর্জাতিক ক্রেতারা সময়মতো পণ্য পাওয়ার নিশ্চয়তা চান। কোনো দেশের সরবরাহকারীরা নিয়মিত পণ্য দিতে ব্যর্থ হলে ক্রেতারা বিকল্প উৎস খুঁজবেন, এটাই স্বাভাবিক। তাই শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং উৎপাদন স্বাভাবিক রাখা জরুরি।

ক্রেতাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বড় ক্রেতারা 

বাংলাদেশ থেকে পণ্য সংগ্রহকারী একটি বড় আন্তর্জাতিক ক্রেতাপ্রতিষ্ঠানের কান্ট্রি হেড নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত আড়াই থেকে তিন বছরে নানা কারণে বাংলাদেশে ব্যবসা পরিচালনায় বারবার বিঘ্ন ঘটেছে। এতে ক্রেতাদের মধ্যে হতাশা ও বিরক্তি তৈরি হয়েছে। একই পরিস্থিতির পুনরাবৃত্তি হলে বাংলাদেশ থেকে পণ্য সংগ্রহের বিষয়ে তারা নতুন করে ভাবতে পারেন।

তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ক্রয়াদেশ দেওয়া বড় প্রতিষ্ঠানগুলো এখনই বাংলাদেশ ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছে না। সাধারণত ছয় মাস আগেই পরবর্তী মৌসুমের উৎপাদন পরিকল্পনা চূড়ান্ত হয়। বিকল্প দেশ থেকে পণ্য কেনার আগে কারখানার উৎপাদন সক্ষমতা, মান, আর্থিক স্থিতিশীলতা ও সময়মতো সরবরাহের সক্ষমতা যাচাই করতে হয়। তাই আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বড় ক্রেতারা।

উল্লেখ্য, স্পেনভিত্তিক ইন্ডিটেক্স ও সুইডিশ এইচঅ্যান্ডএম বাংলাদেশের তৈরি পোশাকের বড় ক্রেতা। ইন্ডিটেক্সের সরবরাহব্যবস্থায় বাংলাদেশে ২৭৫টি সেলাই কারখানাসহ মোট ৪৬৬টি কারখানা যুক্ত রয়েছে। এসব প্রতিষ্ঠানে কাজ করেন ১০ লাখের বেশি শ্রমিক। প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে বছরে অন্তত ২০০ কোটি ডলারের পোশাক কেনে।

অন্যদিকে, ২০২৬ সালের আগস্ট পর্যন্ত এইচঅ্যান্ডএমের বাংলাদেশি সরবরাহকারী কারখানার সংখ্যা ১৮৮। এসব কারখানায় কাজ করেন গড়ে প্রায় ৪ লাখ ৬৫ হাজার শ্রমিক। একসময় প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে বছরে অন্তত ৩০০ কোটি ডলারের পোশাক কিনলেও সাম্প্রতিক সময়ে তাদের ক্রয়াদেশ কমেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।