নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক রাখা, তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।
তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের ছেলে। তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন আবুল কাউছার আশা।
গত বৃহস্পতিবার (২৬ নবেম্বর) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু স্বাক্ষরিত চিঠিতে তাকে এ নোটিশ দেওয়া হয়। তবে আজ শনিবার (২৮ নবেম্বর) বিষয়টি নিশ্চিত করেন মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব।
নোটিশে উল্লেখ করা হয়, মহানগর বিএনপির গুরুত্বপূর্ণ পদে থেকে আবুল কাউছার আশা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে বিভিন্ন সুবিধা আদায় করেছেন। পাশাপাশি তাদের স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করতে গিয়ে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করেছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সাংগঠনিক অবস্থাও দুর্বল হয়েছে।
নোটিশে আরও অভিযোগ করা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী হিসেবে পরিচিত শামীম ওসমানের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন পর্যায়ে গুরুত্ব দিয়েছেন আশা। নিজের স্বার্থে তাদের সরকারি গুরুত্বপূর্ণ কাজে সম্পৃক্ত করা এবং নিজের মিছিল-মিটিংয়েও মূল্যায়ন করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
এ ক্ষেত্রে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আক্তার হোসেন মোল্লা, ধামগড় ইউনিয়নের বাসিন্দা ও শেখ রাসেল ক্রীড়া একাডেমির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান মেম্বার এবং বন্দর উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. আইয়ুব মেম্বারসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের সঙ্গে আবুল কাউছার আশার বিভিন্ন সময়ের ছবি অভিযোগের প্রমাণ হিসেবে নোটিশে সংযুক্ত করা হয়েছে।
নোটিশে এসব কর্মকাণ্ডকে দলীয় শৃঙ্খলাবিরোধী ও সাংগঠনিকভাবে ক্ষতিকর উল্লেখ করে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। নোটিশের অনুলিপি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে এশিয়া পোস্টকে বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব ও পরবর্তী করণীয় বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে মহানগর পর্যায় থেকে এককভাবে আমার কিছু বলার সুযোগ নেই। চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্র থেকেই আসবে।
এদিকে কারণ দর্শানোর নোটিশের বিষয়ে জানতে চাইলে, জবাবে নিজের অবস্থান তুলে ধরে আবুল কাউছার আশা এশিয়া পোস্টের প্রতিবেদকের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখিত বক্তব্য পাঠিয়েছেন। এতে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ অস্বীকার করেছেন। একই সঙ্গে নিজেকে বিএনপির একজন পরীক্ষিত ও ত্যাগী কর্মী হিসেবে উল্লেখ করে বলেন, দলের বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে তিনি রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন। ফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবি মামলায় কারাভোগের পাশাপাশি একাধিকবার হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে এখনো কর্মী-সমর্থকদের নিয়ে রাজপথে সক্রিয় রয়েছেন।
নোটিশে উল্লেখ করা ব্যক্তিদের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগের ব্যাখ্যায় আশা বলেন, আক্তার হোসেন মোল্লা মদনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি নির্দলীয়ভাবে নির্বাচন করে মেম্বার নির্বাচিত হয়েছেন এবং কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না বলে দাবি করেন আশা। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময় এলাকার উন্নয়নকাজের স্বার্থে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে তার যোগাযোগ ছিল। তবে এ যোগাযোগকে দলীয় সম্পৃক্ততার প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
হাবিবুর রহমানের বিষয়ে আশা দাবি করেন, তিনি বিএনপির একজন কর্মী এবং বর্তমানে বন্দর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। অন্যদিকে আইয়ুব মেম্বার আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ২০২৪ সালের ২৪ জুলাই ধামগড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিনকে বন্দর থানা থেকে নিজ জিম্মায় ছাড়িয়ে আনার ঘটনায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বিএনপি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল বলে জানান আশা।
নিজের বিরুদ্ধে অভিযোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে দাবি করে আবুল কাউছার আশা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে দলের মধ্যে বিভেদ সৃষ্টি এবং জাতীয় নির্বাচনের মতো দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান তৈরির উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর কিছু রাজনৈতিক ব্যক্তি মামলা-বাণিজ্য এবং অর্থের বিনিময়ে আওয়ামী লীগের দোসর ও মাদক ব্যবসায়ীদের জামিনে সহযোগিতা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তিনি ওই মহলের বিরাগভাজন হয়েছেন বলে দাবি করেন।
লিখিত বক্তব্যে নিজের বিরুদ্ধে ছড়ানো অপপ্রচার ও অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে আশা বলেন, যারা তার বিরুদ্ধে অপপ্রচার ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তাদের চিহ্নিত করে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।
দলীয় নোটিশে ওঠা অভিযোগ এবং আবুল কাউছার আশার পাল্টা বক্তব্য ঘিরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এখন নির্ধারিত সময়ের মধ্যে দেওয়া তার জবাবের ভিত্তিতে কেন্দ্রীয় নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর সংশ্লিষ্ট নেতাকর্মীদের।